অভিযান সম্পন্ন হয়েছে: গম্ভীর
অভিযানের শুরুটা হয়েছিল ৫ এপ্রিল কলকাতায়। সমাপ্তি ঘটল গতকাল ২৭ মে চেন্নাইয়ে। চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলে নিজেদের প্রথম শিরোপার দেখা পাওয়ার পর অভিযান সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণাটাই দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।‘আমার মাথায় কেবল একটা কথাই আসছে। অভিযান সম্পন্ন হয়েছে। দলের ওপর প্রবল আস্থা ছিল আমাদের। আমরা জানতাম, যখন গুরুত্বপূর্ণ দিন আসবে, সেরাটাই বিলিয়ে দেবে ছেলেরা। কলকাতা সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমি। কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের পাশে ছিলেন ভক্তরা’—ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন গম্ভীর।ম্যাচ-সেরা মানবিন্দর বিসলা সম্পর্কে আলাদা করেই বললেন গম্ভীর, ‘বিসলা ওর সত্যিকারের চরিত্রটাই দেখিয়েছে আজ। সফল দলই একজন অধিনায়ককে সফল করে তোলে। যখন আমি বিসলাকে নির্বাচন করেছিলাম, আমি জানতাম, ওর মধ্যে গুণাবলি রয়েছে।’পঞ্চম আসরে এসে এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল কলকাতা। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের ছিল এটি চতুর্থ ফাইনাল। গতকাল জিতলে হ্যাটট্রিক শিরোপা জেতা হতো চেন্নাইয়ের, সেটা হয়নি। এর কারণ হিসেবে ম্যাচের কন্ডিশনকেই দায়ী করেছেন ধোনি। তাঁর দাবি, প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে পিচ বেশি ব্যাটিং-সহায়ক ছিল।‘কন্ডিশন অনুযায়ী আমরা ভালো ব্যাট করেছিলাম। কিন্তু প্রথম ইনিংসে উইকেট কিছুটা মন্থর গতির ছিল। এটা ভুললে চলবে না, আমরা হয়তো ২০০ রান করতে পারতাম, আবার ১৭০ রানেও গুটিয়ে যেতে পারতাম। বল করার সময় আমাদের বোলাররা রিভার্স সুইং করতে পারছিল না। এর পরও বোলাররা “ওয়াইড ইয়র্কার” দেওয়ার চেষ্টা করেছে। আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে এখনো সন্তুষ্ট’—হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া হওয়ার পর বলেন ধোনি।জয় পাওয়ার জন্য ১৯০ রান যথেষ্ট ছিল জানিয়ে ধোনি বলেন, ‘আমার মনে হয়েছে দ্বিতীয় ইনিংসে বল আরও ভালোভাবে ব্যাটে আসছিল। কেকেআরের যে জুটিটা প্রয়োজন ছিল, সেটা করে দিয়েছে বিসলা ও ক্যালিস।’ সূত্র: পিটিআই।