অভিযুক্ত ত্রয়ীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারকে দুর্নীতিবিরোধী আইনের ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেশে ফিরিয়ে আনার ঘোষণার দিনই এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থা।আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী তিন খেলোয়াড়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এ ধারা অনুযায়ী, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, সাময়িকভাবে বহিষ্কার চ্যালেঞ্জ করে পূর্ণাঙ্গ শুনানি চাইতে পারবেন ক্রিকেটাররা। আর এ শুনানির জন্য অভিযোগপত্র পাওয়ার ১৪ দিনের মধ্যে নিজেদের বক্তব্য পেশ করতে হবে ক্রিকেটারদের।এদিকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ক্রিকেটারদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তটি যথাযথ হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ক্রিকইনফোকে তিনি বলেন, ‘পিসিবিকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের বহিষ্কারের সিদ্ধান্তটি জানায়নি আইসিসি। স্কটল্যান্ড ইয়ার্ড বিষয়টি তদন্ত করছে, কারও বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি। এ অবস্থায় কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত যথাযথ হয়নি।’