অভিযুক্ত যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে ম্যাচ ফিক্সিং
বিপিএলে ম্যাচ ফিক্সিং

বাকি আটজন কে? কাল বিকেলে র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে যেমন, তেমনি সংবাদ সম্মেলনের পরও এ প্রশ্নটাই উড়ে বেড়াল বাতাসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা নিজেই স্বীকার করেছেন মোহাম্মদ আশরাফুল। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তাঁর লিখিত বিবৃতিতে সংখ্যাটা বলেছেন। কিন্তু আকসুর তদন্তে অভিযুক্ত হয়েছেন ‘নয়জন’, এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি। কারণ, আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালায় কোনো নাম বলা নিষেধ আছে। সেই থেকেই জল্পনাকল্পনা—বাকি আটজন কে?
ডেভ রিচার্ডসনের লিখিত বিবৃতিতে ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস’-এর ফিক্সিংয়ে জড়িত থাকার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। সাংবাদিকেরা তাই এই ফ্র্যাঞ্চাইজির মালিকও যে অভিযুক্ত, সেটি অনুমান করে নিলেন। আরও অনেক নাম উড়তে থাকল বাতাসে। যাঁর ব্যাপারে কোনো সংশয় ছিল না, সেই আশরাফুল সকালে র‌্যাডিসন হোটেলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। ঢাকা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ মোহাম্মদ রফিককেও দেখা গেছে হোটেলে; খুলনা রয়েল বেঙ্গলসের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকেও। রফিকের নাম আগেই জড়িয়ে গিয়েছিল এই কেলেঙ্কারিতে। কিন্তু মিঠুনের নাম শোনা যায়নি কখনো, তা হলে কি তিনিও আছেন অভিযুক্তদের দলে? খোঁজ নিয়ে জানা গেছে, মিঠুনের সঙ্গে আকসুর কর্মকর্তারা কথা বলেছেন ঠিকই, তবে সেটি অন্য এক বিদেশি খেলোয়াড় সম্পর্কে কিছু তথ্য যাচাই করে নিতে। তিনি অভিযুক্ত নন।

নাম না বলার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন। তবে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে প্রথম আলো অভিযুক্ত নয়জনের নামই জানতে পেরেছে। নয়জনই ঢাকা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে বাংলাদেশের ছয়জন এবং বিদেশি তিনজন। আশরাফুল ছাড়া অভিযুক্ত বাকি আটজন—ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, তাঁর ছেলে শিহাব চৌধুরী, বর্তমানে মিয়ানমারবাসী ভারতীয় প্রধান নির্বাহী গওহর রাওয়াত, তিন বোলার মোশাররফ হোসেন (রুবেল), মাহবুবুল আলম (রবিন) ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি, ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস এবং বোলিং কোচ মোহাম্মদ রফিক।

অভিযুক্ত নয়জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আকসু। বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ, ফিক্সিংয়ের কথা জেনেও তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানো। সূত্র জানিয়েছে, আশরাফুল ছাড়াও ওপরের তালিকার প্রথম ছয়জন সরাসরি ফিক্সিংয়ে জড়িত ছিলেন। ড্যারেন স্টিভেনস ও মোহাম্মদ রফিক ফিক্সিংয়ের কথা জেনেও তা কর্তৃপক্ষকে অবহিত না করার অপরাধে অপরাধী। আশরাফুলের স্বীকারোক্তি নিয়ে যখন সারা দেশে তোলপাড়, তখন মোহাম্মদ রফিক ঢাকা গ্ল্যাডিয়েটরস ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন।

ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকের নির্দেশেই মোহাম্মদ আশরাফুল ও বাকি তিন খেলোয়াড় ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হয়েছেন বলে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আকসু। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী নিজেই বাজিকর বলেও সন্দেহ আছে। গ্ল্যাডিয়েটরসের তিন বোলার অর্থের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি মালিকের দেওয়া স্পট ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন। এঁরা তিনজনই আন্তর্জাতিক ক্রিকেটার। লোকুয়ারাচ্চি শ্রীলঙ্কার পক্ষে ৪টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। মাহবুবুল খেলেছেন ৪টি টেস্ট ও ৫টি ওয়ানডে। মোশাররফ ওয়ানডে খেলেছেন ৩টি।