আসন্ন বিপদ টের পেয়েই বুঝি চেষ্টার কোনো ত্রুটি রাখছে না বিসিসিআই। বিচারপতি মুকুল মুডগালের কমিটিকে তদন্ত চালিয়ে যেতে না দিতে আবেদন করেছে ভারতীয় বোর্ড। পরশু ভারতের সুপ্রিম কোর্টে শুনানিতে সুপ্রিম কোর্টেরই মনোনীত এই কমিটির বিরুদ্ধে আবেদন জানায় বিসিসিআই। আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অবশ্য সিদ্ধান্ত জানাতে কয়েক দিন সময় নিয়েছেন। কোর্ট যে কমিটিই মনোনীত করুন, তারা চার মাসের মধ্যে তদন্তকাজ শেষ করার পর সেপ্টেম্বরে হবে পরবর্তী শুনানি।
তবে বিসিসিআইয়ের আবেদনকে ছাপিয়ে গেছে কাল ভারতীয় দৈনিক ডিএনএ-র একটি বিস্ফোরক খবর। ১৩ জন অভিযুক্তের নামসংবলিত সিলগালা করা মহা কৌতূহলকর যে খাম সুপ্রিম কোর্টে জমা দিয়েছে মুডগাল কমিটি, তাদের একজন যে এন শ্রীনিবাসন, সেটা জানা গেছে আগেই। কাল ডিএনএ জানিয়েছে, বাকি ১২ জনের অন্তত আটজন ক্রিকেটার ও একজন নামী ধারাভাষ্যকার। সেই আট ক্রিকেটারের সাতজনই খেলছেন এবারের আইপিএলে। তিনজন চেন্নাই সুপার কিংসে, দুজন করে মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ডেয়ারডেভিলসে। অন্যজন গত আইপিএলে খেললেও এবার দল পাননি। আর যে ধারাভাষ্যকারের নাম আছে, তিনি ধারাভাষ্য দিচ্ছেন এবারও।
ক্রিকেটারদের নাম নিয়ে তো জল্পনা-কল্পনা হচ্ছেই, তবে সেটিকে ছাপিয়ে গেছে ধারাভাষ্যকারকে নিয়ে কৌতূহল। সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না অবশ্য অবাক হচ্ছেন না, ‘২০০০ সালের ম্যাচ পাতানো অধ্যায়ের কজন কলঙ্কিত ক্রিকেটারকে এখন ধারাভাষ্যকক্ষে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত তালিকায় ধারাভাষ্যকারের নাম দেখে তাই আমি বিস্মিত নই।’
পরশু সুপ্রিম কোর্টের কাছে তদন্ত চলাকালে শ্রীনিবাসনকে বিসিসিআই প্রধানের পদে ফেরানোর আবেদনও করেছিল বিসিসিআই। শ্রীনিবাসনের কৌঁসুলির দাবি ছিল, সিলগালা করা খামে শ্রীনিবাসনের বিরুদ্ধে অভিযোগ কেবল একজন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করতে না পারায়। তবে জবাবে বিচারপতি এ কে পাটনায়েক বলেছেন, ‘সিলগালা করা খামের বিষয়বস্তু আপনি যা ভাবছেন, তা নয়।’ তার মানে, শ্রীনিবাসনের বিরুদ্ধে অভিযোগটা আরও গুরুতর। গত ১৬ এপ্রিল শ্রীনিবাসনকে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি পাটনায়েক জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই পদে ফিরতে পারবেন না।
বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে শ্রীনিবাসনের আইসিসির সভায় যাওয়ার আলোচিত ব্যাপারটি অবশ্য শুনানিতে ওঠেনি পরশু। ওয়েবসাইট।