অভিযুক্ত হচ্ছেন পন্টিং
ক্ষমা চেয়েছেন, তবু পার পাচ্ছেন না রিকি পন্টিং। ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার দায়ে অসি অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনাটা গত পরশুর। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এমপফুর দুর্দান্ত থ্রোতে রান আউট হওয়ার পর নিজেকে সামাল দিতে পারেননি পন্টিং। রাগে গড়গড় করতে করতে সাজঘরে আসেন। এসেই সেখানে রাখা একটি দামি এলসিডি টেলিভিশন ভেঙে ফেলেন অসি অধিনায়ক!রয়টার্স জানায়, পন্টিংয়ের টেলিভিশন ভাঙার প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ভিত্তিতেই অভিযোগ গঠন করা হতে পারে। বিসিসিআইকে এর আগে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠায় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।প্রতিবেদন পাওয়ার খবরটি নিশ্চিত করে আইসিসির মুখপাত্র কলিন গিবসন বলেন, ‘হ্যাঁ, আমরা প্রতিবেদনটি পেয়েছি। পন্টিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছি আমরা।’ এরপর গিবসন যোগ করেন, ‘তাঁর সঙ্গে আমাদের কথা বলা প্রয়োজন। কারণ আমরা জানি না তিনি আসলে এ ব্যাপারে কী বলতে চান।’ ওয়েবসাইট।