প্রতিবেদন জমা দেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই ‘দেশবাসী’কে জানাতেই সংবাদ সম্মেলন। বাংলাদেশের ফুটবলে বিভিন্ন সময় ব্যর্থতার তদন্ত প্রতিবেদন এভাবে প্রকাশ করা হয়নি। সেদিক থেকে বাদল রায়ের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটির সাফ-ব্যর্থতার তদন্ত প্রতিবেদন ব্যতিক্রমই। এটি দ্রুতই আলোর মুখ দেখা ফুটবলের জন্য বলার মতো ঘটনাও বটে।
কদিন ধরে পত্রিকায় যা ছাপা হয়ে আসছিল, এই তদন্ত প্রতিবেদন হুবহু তাই। অনুমিত সব কারণই উঠে এসেছে। আছে বেশ কিছু সুপারিশও। বাফুফের নির্বাহী কমিটিতে এখন এই প্রতিবেদন যাবে এবং নির্বাহী কমিটিই করণীয় ঠিক করবে।
প্রতিবেদনের শুরুতেই তুলে ধরা হয়েছে, গত চারটি সাফেই প্রথম ম্যাচেই বাজে খেলার চিত্র। এই ধারাবাহিক ব্যর্থতার কারণ কী সেই প্রশ্ন তুলে তদন্ত কমিটি বলেছে, এটা আরও বৃহত্তর পরিসরে খতিয়ে দেখা দরকার।
‘কাঠমান্ডু-ব্যর্থতার দায় সবাই কোচিং স্টাফকেই দিয়েছে’—সংবাদ সম্মেলনে বলেলেন বাদল রায়। তদন্ত কমিটির পর্যবেক্ষণ, জাতীয় দল গঠনে স্বচ্ছতার অভাব ছিল। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সাংবাদিকসহ ৩৫ জনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটির দাবি, সাক্ষাৎকারীদের অনেকে দল গঠনে স্বজনপ্রীতির কথা বলেছেন (উল্লেখ্য, প্রাথমিক দলটা ডেকেছিলেন স্থানীয় কোচরা)।
একই সঙ্গে ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড় বেশি থাকায় স্থানীয় অনেক প্রতিভাই আড়ালে থেকে যায়, এটাও কমিটির পর্যবেক্ষণে ধরা পড়েছে। আরও আগেই জাতীয় দলের জন্য কর্মকর্তা নিয়োগ, পেশাদার ম্যানেজার নিয়োগ করার কথা বলা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে দেওয়া তদন্ত প্রতিবেদনে।
দুই মাস সময় পেলেও দলের প্রস্তুতি সন্তোষজনক ছিল না। ফিটনেসে বড়সড় ঘাটতি রয়ে গেছে, এমনটাই বলেছে কমিটি। নেপালের বিপক্ষে দল ছিল ক্লান্ত, খেলোয়াড়দের সূত্র ধরে এই তথ্যও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে।
খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এবং দলীয় সমন্বয়ের অভাব, দুর্বল আক্রমণভাগ—এসবও চিহ্নিত করা হয়েছে। চারজন খেলোয়াড় আহত ছিলেন কেন—এ ব্যাপারে ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেত সদুত্তর দিতে পারেননি বলে উল্লেখ করেছে কমিটি। ইয়ামালি দলের চিকিৎসকের কাছ থেকেও কোনো পরামর্শ নেননি বলে জানানো হয়েছে। তাই ইয়ামালিই এই প্রতিবেদনে মূল অভিযুক্ত। দায়িত্ব পালনে তুর্কি বংশোদ্ভূত ডাচ ব্যর্থ হয়েছেন বলে মনে করে তদন্ত কমিটি।
কাঠগড়ায় প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফও। ‘দায়িত্ব পালনে ক্রুইফের উদাসীনতা এবং অবহেলার চিত্র আমরা পেয়েছি’—বলেছেন বাদল রায়। প্রয়োজনের সময় দলের সঙ্গে না থেকে পরিবার আনতে তাঁর দেশে যাওয়া ভালো চোখে দেখেনি কমিটি। যদিও বাফুফের অনুমোদন নিয়েই দেশে গেছেন কোচ। একই কাজ করলেও সহকারী কোচ রেনে কোস্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
খেলোয়াড়দের দায়িত্বহীনতা, দেশের জন্য ভালো খেলতে অনীহার কথাও এসেছে প্রতিবেদনে। চোটগ্রস্ত চার খেলোয়াড় অধিনায়ক মামুনুল ইসলাম, উইঙ্গার জাহিদ, মিডফিল্ডার সোহেল রানা এবং স্ট্রাইকার শাখাওয়াত রনির ভূমিকাকে বলা হয়েছে, ‘অবাক করার মতো।’ বিশেষ করে জাহিদের ভূমিকা নাকি ছিল রহস্যজনক। দলের সঙ্গে অনিয়মিত অনুশীলন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং ব্যক্তিগত নৈপুণ্য তুলে ধরতে রহস্যজনক অনীহা পুরো জাতিকে হতাশ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তদন্ত কমিটির সামনে সময়মতো না আসা, পত্রিকায় সাক্ষাৎকারসহ জাহিদের কর্মকাণ্ডকে বাফুফের প্রতি অবজ্ঞার শামিল এবং তাঁকে দলের জন্য ক্ষতিকর বলেও মনে করে তদন্ত কমিটি।
দলের বর্তমান প্রশিক্ষণপদ্ধতি যথাযথ নয়। শাখাওয়াত রনির চোট লুকিয়ে দলের সঙ্গী হওয়া, ভারত ও পাকিস্তান ম্যাচে গোলরক্ষক মামুন খানের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি।
সু পা রি শ
ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেতকে দায়িত্ব থেকে অব্যাহতি। প্রধান কোচ ডি ক্রুইফকে ও গোলরক্ষক কোচ কিস কাল্ককে সতর্ক করার আহ্বান।
জাহিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং শাখাওয়াত রনি, অধিনায়ক মামুনুল ও সোহেল রানাকে সতর্কীকরণ।
ক্লাব ও জাতীয় দলের অনুশীলন সমন্বয় করতে হবে।
প্রিমিয়ার লিগকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ। ক্লাবে উন্নতমানের প্রশিক্ষণের জন্য বাফুফের পক্ষ থেকে দিকনির্দেশনার জন্য তিন সদস্যের কমিটি গঠনের প্রস্তাব।
বিদেশি খেলোয়াড়ের কোটা দুজনে নামিয়ে আনা।
২০-২৫ খেলোয়াড়ি নিয়ে পুল করা যেতে পারে। যাঁদের মাসিক ভাতা দেবে বাফুফে। জাতীয় দলের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে।
জাতীয় দলের কোচিং স্টাফকে দীর্ঘ সময়ের জন্য নিয়োগ। তাঁদের সঙ্গে দুজন সাবেক খেলোয়াড় বা সংগঠককে নিয়োগ দেওয়া যেতে পারে বিদেশি কোচকে তথ্য দিয়ে সহায়তা করতে।
নতুন কোচ নিয়োগের আগে তাঁকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাফুফের অবস্থা সম্পর্কে জানানো জরুরি।