অভিযোগ উড়িয়ে দিলেন ক্লার্ক
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অস্ট্রেলীয়দের স্বচ্ছতার প্রত্যয়ন দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগও। তবুও গুঞ্জন থামছে না। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে ম্যাচ পাতানোর প্রশ্নটি শুনতে হলো মাইকেল ক্লার্ককেও। তবে অধিনায়ক জোরালো কণ্ঠে বলেছেন, অস্ট্রেলীয়রা কখনোই ম্যাচ পাতানোয় জড়িত ছিল না।লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে প্রতারণার মামলায় বিচার চলছে তিন পাকিস্তানি ক্রিকেটারের। সেখানেই বিশ্ব ক্রিকেটের অনেক রথী-মহারথীর নাম নেওয়ার পাশাপাশি বাজিকর মাজহার মাজিদ দাবি করেছেন, ম্যাচ পাতানোয় সবচেয়ে বেশি জড়িত অস্ট্রেলিয়ানরা। দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দেশ ছাড়ার আগে ক্লার্ক উড়িয়ে দিলেন অভিযোগ, ‘অস্ট্রেলিয়ানরা এমন নয়। আমি কখনোই দলের কাউকে কারও সঙ্গে সন্দেহজনক কখনো আলোচনা করতে দেখিনি। আমি যত ক্রিকেটারের সঙ্গে খেলেছি, নিশ্চিতভাবেই কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল না।’ ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা অবশ্য অস্বীকার করেননি ক্লার্ক, ‘আমি নিজে কখনো প্রস্তাব পাইনি। তবে দলের কাউকে কাউকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা সেটা টিম ম্যানেজমেন্ট ও আইসিসিকে জানিয়েছে। অস্ট্রেলিয়া দলের সবাই জানে, ক্রিকেটে এসব হচ্ছে এবং তারা সচেতন।’ ওয়েবসাইট।