অভিযোগ প্রত্যাহার মোহামেডানের
তাঁদের নিয়ে কম জল ঘোলা হয়নি। মোহামেডানে খেলার প্রতিশ্রুতি দিয়ে মৌসুমের শুরুতেই চুক্তির একটা বড় অংশের টাকা নিয়েছিলেন চার ফুটবলার জাহিদ হোসেন, মামুন মিয়া, নাহিদুল ইসলাম ও শাকিল আহমেদ। কিন্তু কিছুদিন পর মোহামেডানে খেলতে অস্বীকৃতি জানিয়ে তাঁরা সবাই অনুশীলন শুরু করেন পুরোনো ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রে। চুক্তিভঙ্গের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে ফুটবল ফেডারেশনে অভিযোগ করেন মোহামেডান ক্লাবের কর্মকর্তারা। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে হঠাৎ করে মোহামেডান তাদের কঠিন অবস্থান থেকে সরে এসেছে। কাল ফুটবলারদের বিরুদ্ধে করা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ক্লাবটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মোহামেডানের ডাইরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁঁইয়া বললেন, ‘খেলোয়াড়রা না খেলতে পারলে মূলত ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য দুই ক্লাবের কর্মকর্তারা বসে একটা সমঝোতা করে নিয়েছি। যাতে কেউ চাইলে আমাদের ক্লাবে খেলবে, ইচ্ছা করলে অন্য ক্লাবেও খেলতে পারবে। ওদের বিরুদ্ধে যে অভিযোগ লিখেছিলাম, সেটা প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছি বাফুফেতে। যাতে ফুটবলাররা ক্ষতিগ্রস্ত না হয়, ক্লাবও ক্ষতিগ্রস্ত না হয়। সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, ‘আমরা আজ (কাল) মোহামেডান থেকে এ-সম্পর্কিত একটি চিঠি পেয়েছি। তারা যেহেতু অভিযোগ তুলে নিয়েছে, এখন আর এই ফুটবলারদের শেখ রাসেলে খেলতে কোনো বাধা নেই।’ এমন একটা খুশির সংবাদ শুনে হাঁফ ছেড়ে বাঁচলেন মামুন মিয়া, ‘দুই ক্লাব থেকে টাকা নেওয়ার ঘটনায় আমরাও খুব বিব্রত ছিলাম। স্বাভাবিকভাবেই আমাদের খুব টেনশন হচ্ছিল। শেখ রাসেলের প্র্যাকটিসে গিয়েও ইতস্তত বোধ করতাম এই ভেবে যে, শেষ পর্যন্ত যদি না খেলতে পারি। এখন নিশ্চিন্তে খেলতে পারব।’