অভিযোগ মানছেন কামাল!
আকরাম খানের অভিযোগ তাহলে মেনে নিচ্ছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল!কাল সকালে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের কাছে দল নির্বাচনে বোর্ড সভাপতির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন আকরাম খান। সভাপতি দেশের বাইরে বলে এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেনের কথায় স্পষ্ট, অভিযোগটা মুস্তফা কামাল মানছেন।আকরামের তোলা অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে কাল টেলিফোনে এনায়েত হোসেন বলেছেন, ‘নির্বাচকদের দল থেকে তামিমকে বাদ দেওয়ার দায়িত্ব বোর্ড সভাপতি নিচ্ছেন। দল ঘোষণার আগে এ ব্যাপারে তাঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সভাপতির যুক্তি, তামিম অনেক দিন খেলার মধ্যে নেই। মাঝখানে ইনজুরিতে পড়েছে, অসুস্থ ছিল। কাজেই দলে রাখার আগে তার ফিটনেস দেখা জরুরি।’সেই ফিটনেস পরীক্ষায় কাল উতরেও গেছেন তামিম। এশিয়া কাপের অনুশীলনের প্রথম দিনে ৪৫ মিনিট ফুটবল খেলে প্রমাণ দিয়েছেন ম্যাচ ফিটনেসেরও। আজ অনুশীলনের পর টিম ম্যানেজমেন্ট যদি তাঁকে খেলার জন্য পুরো ফিট মনে করে, দলের সঙ্গী হয়ে হোটেলেও উঠে যাবেন তামিম। এনায়েত হোসেনও দিয়েছেন সে রকম আভাস, ‘তামিম আজ (গতকাল) ফিটনেস টেস্টে পাস করেছে। ফিটনেস টেস্টের রিপোর্ট ইংল্যান্ডে বোর্ড সভাপতির কাছে পাঠানো হয়েছে। ফিটনেসই যেহেতু ওর দলে আসার ক্ষেত্রে বাধা ছিল, আমার মনে হয়, কোচ-অধিনায়ক মনে করলে তামিমকে এখন দলে নিতে পারে।’কিন্তু এশিয়া কাপের দল থেকে তামিমের যোগ-বিয়োগ নাটকে যে প্রধান নির্বাচকের পদত্যাগের মতো বিরাট ঘটনা ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটে! কাল সকালে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন আকরাম খান, যার অনুলিপি দেওয়া হয়েছে ক্রিকেট পরিচালনা প্রধানকেও। ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছে আকরাম। আমি এটা বোর্ড সভায় তুলব। বোর্ডই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।’ বলেছেন এনায়েত হোসেন। তবে আকরামের পদত্যাগের সিদ্ধান্তে একটু যেন বিস্মিতও তিনি, ‘আকরাম আমাকে বলেছিল, বোর্ড সভাপতি দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন তো আর সে সুযোগ রাখল না ও।’