অভিশপ্ত দিনে ঝরে পড়লেন রয়েসও

চোখের জলে যখন মাঠ ছাড়ছিলেন, বোঝা যাচ্ছিল খারাপ কিছু হয়েছে। পরে জানা গেল, জার্মান উইঙ্গার মার্কো রয়েসের বিশ্বকাপ শেষ। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন সাম্পদোরিয়া ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি।
শুক্রবার রাতটাই ছিল আসলে অভিশপ্ত। শুরুটা ফ্রাঙ্ক রিবেরিকে দিয়ে, পিঠের চোট বিশ্বকাপ দল থেকে ছুটি ঘোষণা করেছে ফ্রান্সের অন্যতম স্বপ্নসারথির। একই দিনে বড় দুঃসংবাদ পেলেন রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো। রোমান শিরোকভ বিশ্ব ফুটবলে তেমন পরিচিত কোনো মুখ হয়তো নন, কিন্তু রাশিয়ার জন্য অনেক বড় ভরসাই। ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে এখন যেতে হচ্ছে শল্যবিদের ছুরির নিচে। তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপ রণপরিকল্পনা করতে হচ্ছে ক্যাপেলোকে।
রিবেরি, শিরোকভ দুজনই আগে থেকে চোটে ভুগছিলেন। রয়েসের চোট জার্মানির কাছে হঠাৎ একটা ধাক্কাই হয়ে এসেছে। পরশু আর্মেনিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পাওয়ার পর তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালে। এমআরআই পরীক্ষায় ধরা পড়ল, লিগামেন্টে বড় ক্ষতিই হয়েছে ২৫ বছর বয়সী উইঙ্গারের।
জোয়াকিম লো তাই হতাশ, ‘ওর জন্য তো বটেই, আমাদের জন্যও এটা খুবই দুঃখজনক। মার্কো দারুণ ফর্মে ছিল। অনুশীলনে সে ছিল দারুণ, আর্মেনিয়া ও ক্যামেরুনের সঙ্গেও ভালো খেলছে। আমরা আশা করছিলাম ও বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে।’
তবে রয়েসের জায়গায় একজন ডিফেন্ডারের ডাক পাওয়া খানিক অবাক করাই৷ লোর যুক্তি, ‘আমাদের ফরোয়ার্ডে অনেক ভালো ভালো খেলোয়াড়ই আছে৷ লুকাস পোডলস্কি, আন্দ্রে শুরলে, মারিও গোটশে, টমাস মুলার, জুলিয়ান ড্রেক্সলার, মেসুত ওজিল ও টনি ক্রুসরা বেশ ভালো। আমাদের হাতে বিকল্প অনেক। আমরা তাই রক্ষণে বাড়তি একজনকে নিয়েছি।’
কদিন আগেই বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যায় ফ্যালকাও, মন্তোলিভোদের৷ সংশয়ের দোলাচল সুয়ারেজ, রোনালদোকে ঘিরে। শুরুর আগেই যেভাবে তারা খসতে শুরু করেছে, সামনে না অারও কত বড় বড় নাম সেই তালিকায় ঢুকে যায়! ওয়েবসাইট।