অভিশপ্ত দিনের শেষে...
ভারী কাচ আর আলো-আঁধারি ছিল। এর মধ্যেও দেখা যাচ্ছিল ড্রেসিংরুমের ভিউইং এরিয়ার দৃশ্যটা। টেবিলে ঠেস দিয়ে দাঁড়ানো কোচ জেমি সিডন্সের মুখটা অন্ধকার। উল্টো দিকে আরেকটা টেবিলের ওপর পা তুলে বসে ছিলেন তামিম ইকবাল। কিছু যেন বলছিলেন সোফায় বসা প্রধান নির্বাচক রফিকুল আলমকে। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে দেখা ছবিটা যেন একটা নির্বাক চলচ্চিত্র। সংলাপগুলো শোনার উপায় ছিল না, বোঝারও নয়। তবে ভাষা অনুমান করা যাচ্ছিল। সেই ভাষার রং নীল। সেই ভাষা যে বেদনার!এটা দিন শেষের ছবি হলেও কাল পুরো ম্যাচের সময়টাই বাংলাদেশ দলের ড্রেসিংরুম নীল হয়ে থাকল। একটার পর একটা উইকেট পড়ছে আর ভারী হয়েছে ড্রেসিংরুমের পরিবেশ। কেউ আউট হয়ে এসে হয়তো বলছেন, ‘ইস্, বলটা বোধ হয় ওভাবে খেলা উচিত ছিল’ কিংবা ‘একটু নিচু হয়ে গিয়েছিল বলটা...’, বলতে না বলতেই আরেকজন আউট! নিজের আউট বাদ দিয়ে তখন অন্যের আউট নিয়ে ভাবনা, আরেকটা উইকেটের কাটাছেঁড়া। আত্মদগ্ধ হওয়ারও সময়ও পাচ্ছিলেন না কেউ। মনোবিদ সৌমেন্দ্র সাহার কাজটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এ সময়। হতাশায় নুয়ে পড়া ক্রিকেটারদের তিনি বোঝাতে চেয়েছেন, ৫৮ রানে অলআউট হয়ে যাওয়াটাই তাঁদের সামর্থ্য নয়। পরের ম্যাচটাই হয়তো হবে মাথা তুলে দাঁড়াবার উপলক্ষ। হোটেলে ফেরার বাসে ওঠার সময় সহ-অধিনায়ক তামিম ইকবাল তবু আরেকবার বের করে দিলেন ভেতরে জমে থাকা হতাশাটা, ‘তিনটা বল খেলেছি। ওই তিন বল খেলেই মনে হয়েছে উইকেটে থাকলে অনেক রান করতে পারতাম। ওরা খুব ভালো বলও করেনি। খুব বাজে দিন গেল আমাদের।’ম্যাচ শেষে ড্রেসিংরুম যেন বিধ্বস্ত কোনো জনপদ। কে কাকে সান্ত্বনা দেবেন! কে কাকে ভরসা দেবেন! সবার মধ্যেই তো সব হারানোর বেদনা! গ্যালারি ভর্তি দর্শকদের সামনে লজ্জায় ডোবার গ্লানি। এই সময় ড্রেসিংরুমে গেলেন খেলা দেখতে মাঠে আসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন। না, কাটা ঘায়ে নুনের ছিটা তাঁরা দেননি। সান্ত্বনার স্রোত প্রবাহিত করার চেষ্টা করেছেন ড্রেসিংরুমে।সবচেয়ে সময়োপযোগী কথাটা বলেছেন এনায়েত হোসেন। বাংলাদেশসহ সারা বিশ্বেই এখন যে ‘গুপ্তঘাতক’কে নিয়ে ভয়, তিনি টেনে আনলেন সেই ভূমিকম্পকে, ‘ধরে নাও একটা ভূমিকম্প হয়ে গেছে। যা হওয়ার হয়েছে। এখন আবার মাথা তুলে দাঁড়াতে হবে।’ খুবই সত্যি কথা। বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ তো আর মাথা নিচু করে খেলা যাবে না! আর খেলা এমনই এক জিনিস, যেখানে সব চুরমার হয়ে যাওয়ার পরও আশা নিয়ে বেঁচে থাকতে হয়।অর্থমন্ত্রী সেই আশার পতাকা উড়িয়েই ধ্বংসস্তূপ থেকে জাগিয়ে তুলতে চাইলেন সাকিব আল হাসানের দলকে। এ রকম খারাপ দিন আসতেই পারে। কিন্তু এই দিনটা আসে একবারই। আজ সেটাই এসেছে—মন্ত্রীর কথায় খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা। আর বোর্ড সভাপতির পরামর্শ—দিনটাকে ভুলে যেতে হবে। নতুন আশায় বাঁধতে হবে বুক।ক্রিকেটারদের মনের খোঁজ পাওয়া যায়নি, তবে মুখ দেখে ভেতরে দলা পাকানো হতাশার খোঁজ পাওয়া যাচ্ছিল সবারই। মাঠ ছাড়ার আগে অনেকে ডাইনিংয়ে খেতে গেলেন, কেউ আবার ডাইনিং থেকে খাবার এনে ড্রেসিংরুমে খেয়ে নিলেন। যাওয়া-আসার পথে কথা বলার অনুরোধ এড়িয়ে গেলেন প্রায় সবাই। কী বলবেন? এমন দিনে বলারও তো কিছু নেই!তবে খেলা শেষে ড্রেসিংরুমে অনেক কথাই বলেছেন কোচ জেমি সিডন্স। কী বলেছেন? কোচের সংক্ষিপ্ত উত্তর, ‘অনেক কথাই তো বললাম। বলেছি, আজ খুবই বাজে দিন গেল। তবে এটায় তো কারও হাত নেই। এটা নিয়ে পড়ে থাকলে হবে না। পরের ম্যাচের দিকে তাকাও।’ কোচের দৃষ্টিতে কাল ছিল বাংলাদেশ দলের জন্য একটা চরম বাজে দিন। সেই বাজে দিনে ক্রিকেটারদের ভালো দিনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু হিতোপদেশও নাকি দিয়েছেন সিডন্স, ‘সময়মতো ঘুমাও, সময়মতো খাও, শুধু খেলা নয়, পুরো জীবনটাকেই ঠিক করতে হবে’ ইত্যাদি ইত্যাদি।অভিশপ্ত দিনে এটাই হয়তো প্রাপ্তি ক্রিকেটারদের। আশপাশের মানুষগুলো তো অন্তত সঙ্গে আছে!