অভিষিক্ত অ্যাবটে ধস পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের আগের চার ইনিংসে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের সর্বোচ্চ রান ছিল ১০। ওপেনিংয়ে তাই পরিবর্তন আনে পাকিস্তান। নাসির জামশেদের পরিবর্তে ইমরান ফারহাত টেস্ট খেলতে নামেন দুই বছরেরও বেশি সময় পর। পরিবর্তনের সুফলও পায় পাকিস্তান। হাফিজ-ফারহাতের উদ্বোধনী জুটি কাল করল ৪৬ রান। কিন্তু এরপরই সেই পুরোনো পাকিস্তান।১৩ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিনা উইকেটে ৪৬ থেকে পাকিস্তান হয়ে যায় ৫৬/৩। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তান ১৫৬ রানে অলআউট হয়ে পড়ে ফলোঅনের লজ্জায়। ২৫৩ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা এবার সৌজন্য দেখায়নি! দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমে ১৪ রানে ১ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান এখন ইনিংস হারের শঙ্কায়।স্টেইন কিংবা ফিল্যান্ডার নন, এবার পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছেন অভিষিক্ত কাইল অ্যাবট। মরকেলের চোটের কারণে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে ডাক পান। ক্যালিসের চোট নামিয়ে দেয় তাঁকে মাঠেও। কপালগুণে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ডলফিনসের ২৫ বছর বয়সী পেসার অভিষেক ইনিংসেই নিয়েছেন ২৯ রানে ৭ উইকেট, যা অভিষেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় এবং সব মিলিয়ে নবম সেরা বোলিং।প্রথম দিনে নিজের প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ পেয়েছিলেন অভিষিক্ত এহসান আদিল। অ্যাবটও কাল নিজের প্রথম ওভারেই পেয়েছেন প্রথম আন্তর্জাতিক উইকেট। হাফিজকে আউট করার পরে ফিরিয়েছেন ইউনুস, মিসবাহ, সরফরাজ, সাঈদ আজমল, এহসান ও মোহাম্মদ ইরফানকে। ফারহাতকে ফিরিয়ে শুরুটা করেছিলেন ফিল্যান্ডার। এর আগে ৩৩৪/৬ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪০৯ রানে। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ডি ভিলিয়ার্স দিনের দ্বিতীয় ওভারেই পূর্ণ করেন ক্যারিয়ারের ১৬তম এবং পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট সেঞ্চুরি। একবার করে জীবন পাওয়া ডি ভিলিয়ার্স ও ফিল্যান্ডারের ১২৯ রানের জুটি ভাঙেন ইউনুস খান। ফিল্যান্ডার করেন ক্যারিয়ার-সেরা ৭৪, ডি ভিলিয়ার্স থামেন ১২১ রানে। ১২৭ রানে ৬ উইকেট নেন রাহাত। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে উইকেটশূন্য আজমল! দুবারই এই সিরিজে! ওয়েবসাইট, টেন ক্রিকেট।