ড্যারেন স্যামির অসুস্থতায় ইতিহাসের সাক্ষী হলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ওয়ানডে ক্রিকেটের ৪০ বছরের ইতিহাসে ম্যাচ হয়েছে ৩১৯৮টি। দুই অধিনায়কই উইকেটরক্ষক ছিলেন এ রকম ম্যাচের সংখ্যা কালকেরটিসহ মাত্র ৩১টি। তবে মিরপুরে কাল হয়েছে অভূতপূর্ব ঘটনা। টস করতে নেমেই ইতিহাসের অংশ হয়েছেন মুশফিকুর রহিম ও দিনেশ রামদিন। একই ম্যাচে দুই উইকেটরক্ষকের অধিনায়ক হিসেবে অভিষেক এই প্রথম দেখল ক্রিকেট-বিশ্ব। ১৯৯৬ সালের ২৮ জানুয়ারি, অকল্যান্ডে প্রথম একই ম্যাচে দুজন উইকেটকিপার অধিনায়ক দেখে ওয়ানডে ক্রিকেট। নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন লি জারমন ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। তবে দুজনেরই কারোরই অধিনায়ক হিসেবে সেটাই প্রথম ম্যাচ ছিল না। গতকালের আগে সর্বশেষ গত বিশ্বকাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার দুই অধিনায়কই ছিলেন উইকেটরক্ষক। ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সবচেয়ে বেশি ১০৭ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড ধোনির।