কাল পাল্লেকেলেতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি পেলেন শন মার্শ। ২০১১ সালে অভিষেকে সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় ব্যাটসম্যান এই অস্ট্রেলিয়ান। আগের জন ওয়েস্ট ইন্ডিজের কার্ক এডওয়ার্ডস। বছর শেষ হতে এখনো প্রায় চার মাস বাকি। তাই সুযোগ আছে সংখ্যাটা বাড়ার। তবে এক বছরে সবচেয়ে বেশি অভিষেক সেঞ্চুরি দেখেছে ২০০১ সাল। ওই বছর ৬ জন ব্যাটসম্যানের ক্যারিয়ার শুরু হয়েছিল সেঞ্চুরি দিয়ে। তাঁরা হলেন হ্যামিল্টন মাসাকাদজা, থিলান সামারাবীরা, তৌফিক উমর, মোহাম্মদ আশরাফুল, বীরেন্দর শেবাগ ও লু ভিনসেন্ট। তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের ভিনসেন্ট ছাড়া এখনো জাতীয় দলে খেলছেন বাকিরা। ২০০১-এর কাছাকাছি গিয়েছিল ২০০৯। ওই বছর পাঁচ ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছিলেন অভিষেকে—মার্কাস নর্থ, ফাওয়াদ আলম, জোনাথন ট্রট, উমর আকমল ও আড্রিয়ান বারাথ। এ ছাড়া ১৯৯২ সালে ৪ জন ও ২০১০ সালে ৩ জন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন।