অভিষেকই হয়নি ইয়ানুজাইয়ের!
রোমেলু লুকাকু হয়তো বিস্ময়ে বিমূঢ়ই হয়ে পড়েছেন । এত কষ্ট করে হ্যাটট্রিক করেছেন, আর সেটার কিনা কোনো দামই থাকল না! সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন নিশ্চয়ই আদনান ইয়ানুজাই। আস্ত একটা ম্যাচ খেলে ফেলেছেন বেলজিয়ামের হয়ে, অথচ কাগজে-কলমে এখনো তাঁর অভিষেকই হয়নি! সবকিছু জট পাকিয়ে যাওয়ার আগেই পরিষ্কার করা যাক। গত ২৬ মে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লুক্সেমবার্গকে ৫-১ গোলে হারিয়েছিল বেলজিয়াম। এখন দেখা যাচ্ছে, ফিফার রেকর্ডবুক থেকেই মুছে যেতে বসেছে ম্যাচটা। কিন্তু এই সিদ্ধান্ত কেন? গোলটা আসলে বাধিয়েছেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। ম্যাচের ৭৭ মিনিটে নিকোলাস লমবার্টসকে নামানোতেই হয়েছে সর্বনাশ। ফিফার নিয়ম অনুযায়ী প্রীতি ম্যাচে সর্বোচ্চ ছয়জনকে বদলি হিসেবে নামানো যায়। সেই ম্যাচে বিরতির আগেই উইলমটস পাঁচজনকে নামিয়ে দিয়েছিলেন। লমবার্টস ছিলেন সপ্তম খেলোয়াড়। সে কারণেই ম্যাচটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে না ফিফা। ইয়ানুজাইকে এখন অভিষেকের জন্য কালকের তিউনিসিয়ার ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে! ওয়েবসাইট।