অভিষেকে গোল করেও অতৃপ্ত ফোরলান
অনেকটা নীরবেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ২০১০ বিশ্বকাপের সোনার বল জয়ী ডিয়েগো ফোরলান। ইতালিতে এসে ইন্টারের হয়ে গত পরশুই প্রথম মাঠে নামেন উরুগুইয়ান তারকা। ইন্টার অভিষেকটা হলো মিশ্র অনুভূতির। অভিষেকেই গোল পেয়েছেন। কিন্তু ৯০ মিনিটে করা তাঁর গোল ইন্টারকে আনন্দে ভাসাতে পারেনি। এতে শুধু ব্যবধান কমেছে, পালের্মোর কাছে ইন্টার হেরেছে ৪-৩ গোলে।পরাজয়টা ইন্টারের নতুন কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির জন্য বড় হতাশার। ব্রাজিলিয়ান লিওনার্দোর স্থলাভিষিক্ত হয়ে দলকে এককাট্টা করতে পারছেন না তিনি। ডাচ তারকা ওয়েসলি স্নাইডারকে বেঞ্চে রেখে সাজিয়েছিলেন একাদশ। শুরু থেকেই তাঁর নতুন তিন ডিফেন্ডার সংগ্রাম করেছেন। ২০০৪ সালের পর প্রথম ৪ গোল খেল ইন্টার। দিনের অন্য ম্যাচে রোমাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ক্যালিয়ারি। উল্টো স্রোতে দাঁড়িয়ে জুভেন্টাসের নতুন কোচ আন্তোনিও কন্তে ভাসছেন উচ্ছ্বাসে। পার্মাকে তাঁর দল উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।লিগের শুরুতেই আত্মবিশ্বাস বাড়ানো এই জয়টা জুভরা পেয়েছে নতুন স্টেডিয়ামে। স্পনসরের অভাবে এখনো অফিশিয়াল নাম না পাওয়া ‘জুভেন্টাস স্টেডিয়াম’ যেন সৌভাগ্যের বার্তা বয়ে এনেছে তাদের জন্য। ম্যাচ শেষে কোচ আন্তোনিও কন্তেই যেমন সমর্থকদের আশান্বিত করে বলেছেন, বিজয়ের দিন আবার ফিরবে আসবে।দলের হারে সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা আসলে ডিয়েগো মিলিতোর। দু-দুবার ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু পালের্মোর উজ্জীবিত পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে তাঁর অবদান। রয়টার্স, এএফপি।