মাঠে নামার পর অভিষেক টেস্টটাকে জাতীয় লিগের ম্যাচই নাকি মনে হচ্ছিল সোহাগ গাজীর
অভিষেকে ব্যতিক্রম সোহাগ
সাংবাদিকেরা নতুন খেলোয়াড়দের অনেক রকম পরীক্ষা নেন। সোহাগ গাজী সেই সুযোগ দিলেন না। টেস্টের অভিষেক ইনিংসেই ৩ উইকেট পেয়ে সংবাদ সম্মেলনে আসা বোলারের এমনিতেও পরীক্ষা দেওয়ার কিছু থাকে না। যা একটা সম্ভাবনা ছিল প্রথম ওভারটার কারণে। প্রথম বলে ছক্কা খেয়েছেন, ৬ বলে রান এসেছে ১৮। ছক্কা খাওয়ার পর কেমন লেগেছিল সোহাগের?সোহাগের প্রতিক্রিয়া পরে শুনুন। ওই ওভারের পর একটা হায় হায় রব উঠল প্রেসবক্সে। নিশ্চয়ই দর্শকদের মধ্যেও। নতুন একজন বোলারকে ক্রিস গেইল নামক এক দানবের সামনে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? টেস্ট ক্রিকেটের প্রথম ওভারটা না জানি অভিশাপই হয়ে থাকে তাঁর জন্য!সোহাগের প্রতিক্রিয়া ব্যতিক্রমী। দিন শেষে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে এক কথায় উড়িয়ে দিলেন প্রসঙ্গটা, ‘ছক্কা তো সবাই মারতে পারে। ওটা কিছু না।’ মাঠে নামার পর অভিষেক টেস্টটাকে জাতীয় লিগের ম্যাচই নাকি মনে হচ্ছিল। প্রথম বলে ছক্কা খাওয়ার পরও তা-ই। কে জানে, অভিষেক টেস্টের চাপটা হয়তো এ কারণেই বুঝতে পারেননি সোহাগ।সকালে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন কোচ সাকলায়েন মুশতাক। প্রথম দিনের খেলা শেষে অভিনন্দনও পেয়েছেন তাঁর কাছ থেকে। বিকেলে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় সোহাগের প্রশংসা ঝরল সাকলায়েনের কণ্ঠে, ‘প্রথম ওভারটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিকে দারুণ বল করেছে সে। আশা করি, কালও (আজ) ভালো বল করবে সোহাগ। আজকের (গতকাল) পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।’ টেস্ট ক্রিকেটের কঠিন জগতে পা দিয়েই গেইলের মতো ব্যাটসম্যানকে সামনে পেয়েছেন, তাঁকে ফিরিয়েও দিয়েছেন শুরুতে। আত্মবিশ্বাসের ভিত তো শক্ত হয়েই গেছে। তবে সোহাগের আত্মবিশ্বাস ছিল শুরু থেকেই, ‘প্রথম ওভার করার প্রস্তুতি আগেই ছিল। গেইল স্ট্রাইকে থাকলে কী করব, সেটা ভেবে প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্য খারাপ থাকায় হয়তো সে রকম বল হয়নি। এরপর দ্বিতীয় ওভারে ঠিক করলাম ভালো কিছু করতে হবে। ডট বল করতে হবে। কে স্ট্রাইকে ছিল বা না ছিল সেটা মাথায় রাখিনি।’ অধিনায়ক মুশফিকুর রহিমের বলা কথাটাও সাহস দিয়ে থাকবে। ‘প্রথম ওভারের পর অধিনায়ক বলেছেন, ‘সে (ক্রিস গেইল) তোমার বল খেলতে পারছে না। সে জন্যই চার্জ করছে। তুমি যে জায়গায় বল করছ, সে জায়গায়ই বল করে যাও’—সংবাদ সম্মেলনে বলছিলেন নাঈমুর রহমানের পর বাংলাদেশ দলে আসা প্রথম বিশেষজ্ঞ অফ স্পিনার। নতুন বলে ইনিংসের প্রথম ওভার করার অভিজ্ঞতা অবশ্য বরিশালের পক্ষে জাতীয় লিগের ম্যাচেই হয়েছে সোহাগের।পরদিন যে টেস্ট অভিষেক হবে, সেটা আগের রাতেই জানতেন। প্রথম টেস্ট নিয়ে অনেক স্বপ্ন হয়তো উঁকি দিয়েছে মনে। তবে সেসবের ভিড়ে ছিল না গেইলের উইকেট পাওয়ার স্বপ্ন। সোহাগই বলছিলেন, ‘গেইলের উইকেট নিতে হবে, এমন কোনো লক্ষ্য ছিল না। ইচ্ছা ছিল লাইন-লেংথ ঠিক রেখে ভালো বল করার।’ তাতেই যে গেইলের উইকেট এসে গেল, সে জন্য সোহাগ কৃতজ্ঞ সকালের উইকেটের কাছে, ‘শুরুতে উইকেটে টার্ন ছিল। ওই বলটাও একটু টার্ন করেছিল। ও (ক্রিস গেইল) চেষ্টা করেছিল মিড অনের ওপর দিয়ে খেলাতে। কিন্তু ভুল করে ফেলেছে।’সিরিজে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে যাঁকে, তাঁকে ভুলের ফাঁদে ফেলার আনন্দ নিশ্চয়ই অন্য রকম। তবে সোহাগ এটাকেও নাকি আলাদা করতে পারছেন না জাতীয় লিগে পাওয়া সাফল্যগুলো থেকে, ‘গেইল হোক বা অন্য যে কেউ, জাতীয় লিগে উইকেট পাওয়ার পর যে রকম আনন্দ করেছি ঠিক সে রকমই লেগেছে আমার।’প্রতিযোগিতামূলক ক্রিকেটে পা রেখেছিলেন ২০০০ সালে খুলনার হয়ে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট দিয়ে। বাংলাদেশে যেটা হয়, শুরুতে খেলাধুলায় বাধাই দিয়েছিল পরিবার। সেই ভাবনায় পরিবর্তন আসতে শুরু করল অনূর্ধ্ব-১৩ দলের হয়ে চট্টগ্রামে খেলতে যাওয়ার পর। আর এখন তো জাতীয় দলের হয়েই খেলছেন সোহাগ, অভিষেক হয়ে গেল টেস্ট ক্রিকেটেও। পরিবার আর নিজেকে ছাপিয়ে ভাবতে শুরু করেছেন দল নিয়ে। এই টেস্টে লক্ষ্য কী জানতে চাইলে দলের লক্ষ্যের কথাই বলেন আগে, ‘ওদের যত কম রানে পারি, আটকাতে চাই। আমাদের টার্গেট, জিততে হবে।’কথাটা হয়তো বলার জন্যই বলা। কিন্তু প্রবল প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে সেটাই কি বলে কেউ! অভিষেক টেস্টের চাপ উড়িয়ে দিয়েছেন ডায়েরিতে লিখে রাখার মতো সাফল্য দিয়ে। সোহাগ ব্যতিক্রম হতেই পারেন।