বিশ্বকাপ খেলার আশা নিশ্চয়ই ছিল না তাঁর। থাকবে কী করে? টেরি ডাফিন যে সর্বশেষ ওয়ানডেটিই খেলেছেন বছর তিনেক আগে! টিনো মাওইয়োর চোট সেই ডাফিনকেই এনে দিচ্ছে বিশ্বকাপ খেলার সুযোগ। এই ওপেনারের দলে ফেরার দিনে চলুন ফিরে যাই তাঁর অভিষেকের দিনটায়, যেদিন তিনি ঢুকে গিয়েছিলেন ইতিহাসে। অভিষেক ওয়ানডেতেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে রানও করেছিলেন ৫৩। ওয়ানডে অভিষেকেই নেতৃত্ব সঙ্গে ফিফটি, এই কৃতিত্ব আছে আর মাত্র দুজনের। একজন ডাফিনের পূর্বসূরি। জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে খেলে ১৯৮৩ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে অপরাজিত ৬৯ করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন অধিনায়ক ডানকান ফ্লেচার। ১২ ওয়ানডের ক্যারিয়ারে মাইক ডেনেস একমাত্র অর্ধশতটি করেছিলেন অভিষেক ম্যাচেই। ইংলিশ ব্যাটসম্যান সব ম্যাচেই খেলেছেন অধিনায়ক হিসেবে। একই কীর্তির পাশাপাশি আরেকটা ক্ষেত্রেও মিল আছে তিনজনের—অভিষেক ম্যাচে জিতেছেন তিনজনই।