আর কোনো খেলায় কি অভিষেক ম্যাচের রেকর্ড এত যত্ন করে রাখা হয়? ক্রিকেটের আরও অনেক বিশেষত্বের মধ্যে এটাও একটি যে অভিষেকে পারফরম্যান্স রেকর্ড বইয়ে আলাদা একটি অধ্যায়।টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১২ বছরের ইতিহাসে অপ্রাপ্তি আর আশাভঙ্গের বেদনাই বেশি। বৈপরীত্যই বলতে হবে এটিকে, একটা জায়গায় বাংলাদেশ কিন্তু বাকি দেশগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে। অভিষেকে স্মরণীয় কীর্তিতে। আবুল হাসান যাতে সর্বশেষ সংযোজন।কাল ছায়া নেমে আসা খুলনার আবু নাসের স্টেডিয়ামে আবুল হাসানের সেঞ্চুরির উদ্যাপন দেখতে দেখতে অনেকগুলো মুখ উঁকি দিয়ে গেল মনের পর্দায়। আমিনুল ইসলাম, নাঈমুর রহমান, জাভেদ ওমর, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, ইলিয়াস সানি, সোহাগ গাজী...।বাংলাদেশের অভিষেক টেস্টের কথা মনে পড়ল। আমিনুল ইসলামের সেই টেস্টে একাদশে জায়গা পাওয়া নিয়েই সংশয়। অথচ তাঁর ব্যাটেই রচিত হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যৎকিঞ্চিৎ গৌরবের প্রথম অধ্যায়। দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি ছিল শুধু দুজনের। চার্লস ব্যানারম্যান আর ডেভিড হটনের পাশে যেদিন আমিনুল লিখে ফেললেন নিজের নাম, কী একটা ছুটিতে সেদিন পত্রিকা ছুটি। এমন একটা কীর্তির কোনো চিহ্ন থাকবে না পরদিন! প্রেসবক্সে তাৎক্ষণিকভাবে সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, একটা কিছু করতেই হবে। করাও হলো। সবার টুকরো টুকরো প্রতিক্রিয়া নিয়ে ছাপিয়ে ফেলা হলো প্রেসবক্স নামের ট্যাবলয়েড সাইজের একটা পত্রিকা। আমিনুলের কীর্তিতে আরও দুজন সঙ্গী আছেন। কিন্তু সাংবাদিকদের উদ্যোগে অমন একটা ‘পত্রিকা’ বের করে ফেলা ক্রিকেট ইতিহাসে সম্ভবত অনন্য ঘটনা হয়েই আছে। সেই রাতে হোটেলে আমিনুলের রুমে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। এমনিতে অটোগ্রাফ নেওয়ার অভ্যাস নেই। সেদিন কেন যেন একটা অটোগ্রাফও নিয়ে রাখতে ইচ্ছা হলো। এখনো তা যত্ন করে রেখে দিয়েছি। অটোগ্রাফ নেওয়ার যেমন অভ্যাস নেই, তেমনি ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলাও ঘোর অপছন্দ। সাংবাদিক আর ফ্যানের ব্যবধান যে তাতে ঘুচে যায়। অথচ কাল কী মনে হলো, আবুল হাসানের সংবাদ সম্মেলন শেষে তাঁর সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে গেলাম! ১০ নম্বরে নেমে টেস্ট সেঞ্চুরি, সেটিও আবার অভিষেকেই, একটা চিহ্ন থাকুক না! ছবি তুলতে দাঁড়িয়ে একটু আফসোসও হলো, আহা, ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় মোহাম্মদ রফিকের সঙ্গেও কেন যে একটা ছবি তুলে রাখলাম না! টেস্টে অন্য সব দেশের কত সব কীর্তি, কিন্তু ৯ আর ১০ নম্বর ব্যাটসম্যানের সেঞ্চুরি কয়টা দেশের আছে! আমিনুলের কীর্তিতে আড়াল হয়ে গেছে, নইলে বাংলাদেশ অভিষেক টেস্টে নাঈমুর রহমানের ৬ উইকেটও তো ঢুকে গেছে ইতিহাসের পাতায়। ভাবতে বিস্ময়ই লাগে, বাংলাদেশের প্রথম দুই টেস্টেই কিন্তু রেকর্ড নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি হয়েছিল। ২০০১ সালের এপ্রিলে বুলাওয়েতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, যাতে মঞ্জুরুল ইসলাম অভিষেক ইনিংসেই ৬ উইকেট নিলেন। টানা দ্বিতীয় সেঞ্চুরিটাও প্রায় পেয়েই গিয়েছিলেন আমিনুল। সেটি না পেলেও রেকর্ড বইয়ে ঠিকই উঠে গেল বাংলাদেশের আরেক ব্যাটসম্যানের নাম। অভিষেকে ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করার কীর্তি গড়লেন জাভেদ ওমর। যেটির সর্বশেষ উদাহরণ খুঁজতে পিছিয়ে যেতে হয় প্রায় এক শতাব্দী। মোহাম্মদ আশরাফুলের অভিষেক তো বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটেরই এক বিস্ময়। সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি, সেটিও আবার অভিষেকেই—এই যুগলবন্দীতে ক্রিকেট ইতিহাসে অমরত্ব নিশ্চিত হয়ে গেছে আশরাফুলের।২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাকি সবাই সাকিব আল হাসানের আলোতে অদৃশ্য প্রায়। সেন্ট ভিনসেন্টের জয়ে মাহমুদউল্লাহর অবদানও তাই সেভাবে মনে পড়ে না। অথচ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ৮—মাহমুদউল্লাহও কিন্তু অভিষেকটাকে রঙিন করেই রেখেছিলেন।ইদানীং যেন অভিষিক্তদের আলো ছড়ানোটা আরও বেশি নিয়ম। গত বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চট্টগ্রামে ইলিয়াস সানির ৬ উইকেট। এই সিরিজে ঢাকায় ঠিক আগের টেস্টেই আলোয় উদ্ভাসিত সোহাগ গাজী। খুলনা টেস্ট ধরে যদি পিছিয়ে যান, গত ৬টি টেস্টের ৩টিতেই বাংলাদেশের পক্ষে কেউ না-কেউ অভিষেকে আলো ছড়িয়েছেন।বাংলাদেশের ক্রিকেট যেন নতুনের জয়গান!