অভিষেকেই গোল অঁরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির পরপরই বলেছেন, আরেকটি ট্রফি জিততেই সেখানে গেছেন। এ কথা তিনি রাখতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে নিউইয়র্ক রেড বুলসের হয়ে অভিষেকেই গোল পেয়েছেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। তবে তিনি গোল পেলেও ইংলিশ ক্লাব টটেনহামের কাছে দল হেরে গেছে ১-২ গোলে।মানে যুক্তরাষ্ট্রে অঁরির যাত্রা শুরু হলো মিশ্র অনুভূতি দিয়ে। নতুন মৌসুম শুরু হতে আরও কিছু দিন বাকি। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার অঁরির অভিষেক হলো টটেনহামের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে। রেড বুলসের মাঠে খেলার ২৫ মিনিটেই গোল করে গ্যালারিতে উপস্থিত হাজার বিশেক রেড বুলস সমর্থকের মুখে হাসি ফোটান বার্সেলোনা ছেড়ে মেজর লিগ সকারে নাম লেখানো অঁরি। তাঁর এনে দেওয়া এই লিড ৬২ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল রেড বুলস। কিন্তু পরবর্তী ১০ মিনিটের মধ্যেই দুই গোল করে এগিয়ে যায় সফরকারী টটেনহাম। ৬২ মিনিটে টটেনহামকে সমতায় ফেরান রবি কিন। ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন গারেথ বেল।প্রথম মাঠে নেমেই গোল। রেড বুলস সমর্থকেরাও ফরাসি স্ট্রাইকারকে হূদয়ে স্থান দিয়েছে প্রথম ম্যাচেই। অঁরি বল ধরতেই উচ্ছ্বাসে মেতেছে গ্যালারি। অঁরিও প্রেমে পড়ে গেছেন তাদের, ‘আমি বল স্পর্শ করলেই তাদের অভিনন্দন পাচ্ছিলাম।’ সামনের পথটাও কি শুরুর মতোই হবে? ম্যাচ শেষে প্রতিপক্ষ টটেনহামের খেলোয়াড় রবি কিন এবং কোচ হ্যারি রেডন্যাপ যেমন আগাম শুভেচ্ছাই জানিয়ে রাখলেন অঁরিকে। রবি কিন বলেছেন, ‘আমি নিশ্চিত, সে ভয়ংকর খেলোয়াড়ই হয়ে উঠবে এখানে।’ হ্যারি রেডন্যাপের অঁরি-মুগ্ধতা যেন আরও বেশি, ‘এখনো সে বিশ্বমানের খেলোয়াড়ই আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের যেকোনো দলেই খেলতে পারত সে। আমি নিশ্চিত, সে নিউইয়র্কে আলোড়ন তুলবে।’ এএফপি।