অভিষেকেই গোল ইতোর
ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে তাঁকে নিয়ে আসা হয়েছে। তাদের এই নতুন তারকা প্রথম ম্যাচে কী করেন, সেটা দেখতেই আনঝি মাখাচকালার ১৫০০ জন সমর্থক উড়ে যান প্রতিপক্ষ রোস্তভের মাঠে। স্যামুয়েল ইতো সমর্থকদের প্রত্যাশার মর্যাদা রেখেছেন। পরশু আনঝি মাখাচকালার হয়ে অভিষেকেই গোল করেছেন। তাঁর এই গোলেই রোস্তভের মাঠ থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে আনঝি মাখাচকালা। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।গত সপ্তাহেই ইন্টার মিলান থেকে আনা ক্যামেরুনিয়ান স্ট্রাইকারকে ৫৭ মিনিটে মাঠে নামান আনঝি মাখাচকালার কোচ গাদজি গাদজিয়েভ। এর ১৩ মিনিট পরই গোল খেয়ে বসে ইতোর দল। ৭২ মিনিটে স্বাগতিক রোস্তভকে এগিয়ে দেন বেলারুশের মিডফিল্ডার তিমোফেই কালাচেভ। ২৫ গজ দূর থেকে অসাধারণ এক ফ্রি-কিক থেকে আনঝি মাখাচকালার গোলরক্ষক নুকরি রেভিশভিলিকে পরাস্ত করেন কালাচেভ। শুরুতে সমর্থকদের নজর কাড়তে ব্যর্থ হলেও দ্রুতই নিজেকে ফিরে পেয়ে রোস্তভের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকেন ইতো।এর ফসল হিসেবে ৮০ মিনিটেই পেয়ে যান দলকে জয়ের সমান ড্র এনে দেওয়া গোল। বল নিয়ে বক্সের ভেতর ঢুকে ইউরি জিরকভ পাস দেন ইতোর দিকে। ৬ গজ দূর থেকে জোরালো শটে এই ক্যামেরুনিয়ান বল জড়িয়ে দেন জালে। এই ড্রয়ের ফলে রাশিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই রইল আনঝি মাখাচকালা। শীর্ষ দল সিএসকেএ মস্কোর চেয়ে ৮ পয়েন্ট পেছনে তারা। এএফপি।