কালাচাঁদপুর উত্তর বারিধারা বালুর মাঠটা কাল বিকেলে সরগরম। উত্তর বারিধারা ক্লাবের খেলোয়াড়েরা একপাশে অনুশীলন করছেন। অন্যপাশে কর্মকর্তারা ক্লাব সম্পর্কে সংবাদমাধ্যমকে দিচ্ছেন অনেক অজানা তথ্য।
আজ পেশাদার ফুটবল লিগে উত্তর বারিধারার অভিষেক। দেশের শীর্ষ ফুটবল লিগে খেলার আনন্দ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। গোটা পাঁচেক বাস ভাড়া করে এলাকার লোকজনকে আনা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানালেন, দিনটাকে স্মরণীয় করে রাখতে ক্লাবে চলছে নানা আয়োজন।
প্রতিপক্ষ গতবারের লিগজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র। শক্তিতে দুই দলের অনেক ব্যবধান। শেখ রাসেল সহজেই জয় দিয়েই সপ্তম পেশাদার লিগ শুরু করার প্রত্যাশা করতে পারে। কিন্তু উত্তর বারিধারার অধিনায়ক শহিদুল ইসলামের (স্বপন) স্বপ্ন একটা পয়েন্ট, ‘শেখ রাসেলকে হারানো খুবই কঠিন। আমরা একটা পয়েন্টের জন্য খেলব।’
বছর চারেক ধরেই বারিধারার খেলোয়াড়েরা একসঙ্গে খেলছেন। দলে নামী কোনো খেলোয়াড় নেই। সবাই আসলে নিচের বিভাগের খেলোয়াড় ছিলেন। সর্বোচ্চ পারিশ্রমিক ৩-৪ লাখ টাকা। আফ্রিকান কয়েকজন আছেন। এই দল গতবারের ট্রেবলজয়ীদের পথে কাঁটা বিছাতে পারবে কি না, তা দেখা যাবে বিকেল পাঁচটায় শুরু ম্যাচে।
এই ম্যাচ দিয়েই শুরু হয়ে যাচ্ছে ১০ দলের লিগ। ফেবারিট হিসেবে প্রায় সবাই বলছে শেখ জামালের নাম। সদ্যই ফেডারেশন কাপ ঘরে তুলে জামাল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে আবাহনী, শেখ রাসেল, মোহামেডানও শিরোপার দাবিদার। এই চার দলের মধ্যে লড়াইয়ে আভাস দিয়েই এই প্রথম তিন পর্বে হচ্ছে লিগ। বিজেএমসি ও মুক্তিযোদ্ধাও উপেক্ষণীয় শক্তি নয়। এই দুই দল ফেবারিটদের পথে দেয়াল তুলে দাঁড়াতেই পারে।
এবার ঢাকার বাইরে খেলা হচ্ছে চট্টগ্রাম, ফেনী ও গোপালগঞ্জে। লিগের অন্যবারের মতো বিদেশি খেলোয়াড়দের মান তুলনামূলক ভালোই হতে পারে। গতবারের মতো এবারও যথারীতি হাইতিয়ান ফুটবলার সনি নর্দের (শেখ জামাল) ওপর সবার চোখ থাকবে।
সব বাধা সরিয়ে লিগ মাঠে গড়ানোটা স্বস্তির। আগের চেয়ে দলগুলোর ম্যাচ বাড়ছে, এবার প্রতি দল খেলবে ২৭টি করে ম্যাচ। লম্বা এই লিগের জন্য কোনো স্পনসর পায়নি বাফুফে!