অভিষেক টেস্টে শেখর ধাওয়ান যেভাবে ব্যাট চালালেন, তাতে বোঝাই গেল না তিনি টেস্ট খেলছেন না ওয়ানডে। মাত্র ৮৫ বলেই শতরানের মাইলফলকটা ছুঁয়েছেন এই বাঁহাতি ওপেনার। গড়েছেন অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। ১৮৫ রানে অপরাজিত থেকে ধেয়ে চলেছেন আরও একটি অনন্য রেকর্ডের দিকে। অভিষেকে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের দখলে।ধাওয়ানের মতো দুর্দান্ত খেলছেন মুরলি বিজয়ও। তিনি অপরাজিত ৮৩ রানে। উদ্বোধনী দুই ব্যাটসম্যানের নৈপুণ্যে মোহালি টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতীয়দের সংগ্রহ ২৮৩ রান। এর আগে ৭ উইকেটে ২৭৩ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। অসিদের বাকি তিনটি উইকেট তুলে নিতে যে এত ঘাম ঝরাতে হবে, সেটা বোধহয় শুরুতে ভাবতেই পারেননি ভারতীয় বোলাররা। অষ্টম উইকেটে ৯৭ রানের জুটি গড়ে ভারতের ওপর দারুণ চাপ তৈরি করেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪০৮ রান সংগ্রহ করে প্রথম ইনিংস শেষ করেছে মাইকেল ক্লার্ক বাহিনী। দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত কিছুটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্মিথ ও স্টার্ককে। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন স্টার্ক। আর স্মিথ সাজঘরে ফিরেছেন ৯২ রান করে।দুই দলেরই উল্লেখযোগ্য সাফল্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল মোহালি টেস্টের দ্বিতীয় দিনটি। উদ্বোধনী জুটিতে ১৩৯ রান সংগ্রহ করে দিনের প্রথম ভাগটা নিজেদের করে নিয়েছিলেন সফরকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। কিন্তু দিনের শেষ ভাগে ভালো বোলিং করে অস্ট্রেলিয়ার সাতটি উইকেট তুলে নিয়ে আধিপত্য বিস্তার করেছিলেন ভারতীয় বোলাররা। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চেহারা দাঁড়িয়েছিল ৭ উইকেটে ২৭৩ রান। আজ সেই সংগ্রহটা ৪০৮ রান পর্যন্ত নিয়ে যান মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথ। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা।