অভিষেক নিয়ে নিশ্চয়ই অনেক স্বপ্নের মালা গেঁথেছিলেন। সেই মালায় এমন সৌন্দর্যমণ্ডিত সব ফুল থাকবে, এতটা কী জুলফিকার বাবর নিজেও ভাবতে পেরেছিলেন!
৩৪ বছর বয়সে অভিষেকই তো স্বপ্নের সীমানায় থাকার কথা নয়। পাকিস্তানের হয়ে এর চেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন কেবল মিরন বখশ (৪৭ বছর), সেটাও সেই ১৯৫৫ সালে। ক্যারিয়ারের দ্বিতীয় বলেই ছক্কা খাওয়ার পর ওই ওভারেই উইকেট বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক বলে। কিপটে বোলিংয়ে পরে আরও দুটি উইকেট। টি-টোয়েন্টি অভিষেকে দেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং। অভিষেককে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট এটুকুই। কে জানত, চমকের তখনো বাকি থাকবে কিছু।

ছয় বলে প্রয়োজন যখন ছয়, প্রথম বলেই স্যামুয়েলসকে দারুণ এক শটে চার এক্সট্রা কভার দিয়ে। নাটকীয় ম্যাচটি তাতেও শেষ হয়ে শেষ হয়নি। পরের দুই বলে রান নেই, চতুর্থ বলে লেগ বাই সিঙ্গেল। পঞ্চম বলে সিঙ্গেলের প্রচেষ্টায় রান আউট সাঈদ আজমল।
শেষ বলে চাই এক, চারপাশে ঘিরে সব ফিল্ডার। বাবর স্যামুয়েলসের লো ফুলটসকে মাথার ওপর দিয়ে আছড়ে ফেললেন সীমানার বাইরে। অভিষেক নিয়ে যত স্বপ্নের মালা গেঁথেছিলেন, তাতে ব্যাটিংয়ের কোনো ফুল নিশ্চিতভাবেই ছিল না! নাতি-নাতনিদের কাছে গল্প করার মতো অফুরন্ত রসদ এক ম্যাচেই পেয়ে গেলেন। এই ম্যাচ দিয়ে ভেন্যু হিসেবে টি-টোয়েন্টি অভিষেক সেন্ট ভিনসেন্টেরও। ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে যাওয়ার কথা গত রাতেই।
১৫৩ রান তাড়ায় পাকিস্তানকে পথে রেখেছিলেন আরেক অভিষিক্ত উমর আমিন। আরেক পাশে নিয়মিত উইকেট পড়লেও আমিন খেলেছেন দারুণ সব শট। ৩৪ বলে ৪৭ রান করে স্যামুয়েলসের বলে যখন স্টাম্পড হলেন আমিন, পাকিস্তানের রান ৫ উইকেটে ৮৬। আফ্রিদি নেমে প্রথম বলেই ডাউন দ্য উইকেটে ছয়, ওই ওভারেই আরেকটি চার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৪০০তম ছয়ের জন্য বেছে নিলেন সুনীল নারাইনকে।
শেষ পর্যন্ত গ্যাব্রিয়েলকে আকাশে তুলে ফিরলেন ২৭ বলে ৪৬ রান করে। দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচ-সেরাও তিনি।
যদিও আফ্রিদি স্বীকৃতিটা উপহার দিলেন অভিষিক্ত নায়ককে, ‘পুরস্কারটা আসলে বাবরের প্রাপ্য, ওকেই দিয়ে দিচ্ছি আমি।’
টপ অর্ডার আরেকবার ব্যর্থ হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ ১৫২ করতে পেরেছে কাইরন পোলার্ড (৩৬ বলে ৪৯) ও ড্যারেন স্যামির (১৪ বলে ৩০) সৌজন্যে। দুজনের ঝড়ে শেষ ২ ওভারেই এসেছে ৩৬। শেষ পর্যন্ত তা-ও যথেষ্ট নয়। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫২/৭ (চার্লস ১, গেইল ৫, স্যামুয়েলস ২৫, সিমন্স ৬, ব্রাভো ২৫, পোলার্ড ৪৯*, স্যামি ৩০, নারাইন ০, বাবর ৩/২৩, হাফিজ ২/৪, ইরফান ১/৩৯); পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৮ (জামশেদ ৬, শেহজাদ ৩, হাফিজ ১৩, আমিন ৪৭, আকমল ৯, আজম ১০, আফ্রিদি ৪৬, বাবর ১৩*, আজমল ০, জুনাইদ ০*, গ্যাব্রিয়েল ৩/৪৪, নারাইন ১/২৪, বদ্রি ১/২৭, স্যামুয়েলস ১/৩৩)। ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।
আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা
ম্যাচ ইনিংস ছক্কা
শহীদ আফ্রিদি ৪৪৬ ৪৩৭ ৪০০
ক্রিস গেইল ৩৮৪ ৪৫১ ৩৫৩
সনাৎ জয়াসুরিয়া ৫৮৬ ৬৫১ ৩৫২
ব্রেন্ডন ম্যাককালাম ৩৫৭ ৩৮৩ ২৭৭
শচীন টেন্ডুলকার ৬৬২ ৭৮০ ২৬৪