মহাকাব্যিক এক টেস্ট। ড্র ম্যাচও যে কতটা রোমাঞ্চ ছড়াতে পারে তারই এক উদাহরণ হয়ে রইল অ্যাডিলেড টেস্ট। ম্যাচের শেষ বলটি না হওয়া পর্যন্ত টান টান উত্তেজনায় দর্শকদের নিজ নিজ আসনে সেঁটে থাকতে হয়েছে। চতুর্থ দিনে ৪৫ রানেই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ভেবেছিল ম্যাচটা তারাই জিততে যাচ্ছে। একজন বোলার কম নিয়েও শেষ দিনে মরিয়া হয়ে শেষ ৬ উইকেট তুলে নিতে চেষ্টার কমতি ছিল না স্বাগতিকদের। কিন্তু দক্ষিণ আফ্রিকানরাও নেমেছিল ম্যাচ বাঁচানোর পণ করে। আর এই প্রতিরোধে নেতৃত্ব দিয়ে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে নায়ক হয়ে গেলেন ফ্যাফ ডু প্লেসিস। ৪৩০ রানের লক্ষ্যে ব্যাট করা সফরকারীরা ৮ উইকেটে ২৪৮ করার পরই শেষ হয় খেলা।জেপি ডুমিনি চোটে না পড়লে এই ম্যাচে যাঁর খেলাই হয় না, সেই ডু প্লেসিসের সামনেই মাথা কুটে মরল অস্ট্রেলিয়ার সব আক্রমণ। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের ৩৭৬ বলের অপরাজিত ১১০ রানের ইনিংসটাই সিরিজে সমতায় রেখেছে দুই দলকে। ৩১০ বলে সেঞ্চুরি করা ডু প্লেসিসকে তিন-তিনবার বাঁচিয়েছে রিভিউ। আর ৯৪ রানের মাথায় হিলফেনহসের বলে তাঁর ক্যাচ ছেড়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড। প্রোটিয়াদের প্রতিরোধযুদ্ধে অবদান আছে কাল ব্যাট করা প্রায় সবারই। এবি ডি ভিলিয়ার্স ২২০ বলে করেছেন ৩৩। ৪৬ রান করতে ক্যালিস খেলেছেন ১১০ বল। শূন্য রানে আউট হলেও ২৮ বল খেলেছেন স্টেইন। তিন টেস্টের সিরিজের শেষটি ৩০ নভেম্বর শুরু হবে পার্থে। হতাশ অস্ট্রেলিয়ানদের জন্য সুখবর, ওই ম্যাচে ফিরছেন অলরাউন্ডার শেন ওয়াটসন। বাদ পড়েছেন অ্যাডিলেডে ‘চশমা’ পাওয়া রব কুইনি। পেসার মিচেল জনসনকেও ডাকা হয়েছে দলে। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫৫০ ও ২৬৭/৮ ডিক্লে. (হাসি ৫৪, ওয়ার্নার ৪১, ক্লার্ক ৩৮, কাওয়ান ২৯, প্যাটিনসন ২৯*; মরকেল ৩/৫০, ক্লেইনভেল্ট ৩/৬৫, স্টেইন ২/৫০)।দক্ষিণ আফ্রিকা: ৩৮৮ ও ২৪৮/৮ (ডু প্লেসিস ১১০*, ক্যালিস ৪৬, পিটারসেন ২৪; সিডল ৪/৬৫, লায়ন ৩/৪৯, হিলফেনহস ১/৬৫)।ফল: ম্যাচ ড্র।ম্যান অব দ্য ম্যাচ: ডু প্লেসিস।