অভিষেকেই নায়ক পেতরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুনুলের মাপা ফ্রি-কিক। আবাহনী বক্সে লাফিয়ে বলের সঙ্গে মাথার নিখুঁত সংযোগ ঘটালেন বোজান পেতরিচ। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা শরীরটা ভালোই কাজে লাগল বসনিয়ান ডিফেন্ডারের। বুলেট গতিতে বল ঢুকল জালে। ৪০ মিনিটে হওয়া এই একমাত্র গোলটিই কাল আবাহনীর বিপক্ষে শেখ রাসেলকে এনে দিল মহামূল্যবান এক জয়।ডিফেন্ডার রেজাউল এদিন হলুদ কার্ডের খড়্গে পড়ায় পেতরিচকে এদিন সুযোগ দেন শেখ রাসেলের কোচ মারুফুল হক। সেটিই হলো শাপেবর। মাস খানেক আগে ঢাকায় এসে এত দিন বসে থাকার পর প্রথম ম্যাচটা খেলতে নেমেই বাজিমাত করলেন পেতরিচ। গোলটাও মনে রাখার মতো। বাংলাদেশের কোনো খেলোয়াড়ের কাছ থেকে এমন গোল দেখা দুর্লভ। এই জয়ে মুক্ত আকাশ দেখল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল। মোহামেডানের কাছে হারের পর কাল আবার হারলে লিগ দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ত। চার ম্যাচে ৯ পয়েন্ট রাসেলকে সরিয়ে আনল খাদের কিনারা থেকে। সমান ম্যাচে শেখ জামালের ১০ পয়েন্ট, মোহামেডানের ৭। এক ম্যাচ বেশি খেলে আবাহনীর ১০। চ্যাম্পিয়ন আবাহনী পুরো ৩ পয়েন্ট তো খুইয়েছেই, তাদের জন্য ম্যাচটি একটি সতর্কবার্তাও। প্রথমার্ধে আবাহনীকে সে অর্থে খুঁজেই পাওয়া যায়নি। কিছু পজিশনাল ভুল ছিল। লেফটব্যাক ওয়ালিকে শুরুতে খেলানো হয় লেফট মিডফিল্ডে, তাঁর জায়গায় শওকত রাসেলকে। ডান পায়ের খেলোয়াড় রাসেল বাঁ দিকে কিছুই করতে পারছিলেন না। দ্বিতীয়ার্ধে ওয়ালিকে তাঁর জায়গাটা ফিরিয়ে দেন কোচ। এই অর্ধে মিশুকে তুলে দেওয়া হয় মাঝমাঠে। এই পরিবর্তনগুলো দ্বিতীয়ার্ধে ভালো কাজে এসেছে। আবাহনী তুলনামূলক ভালোও খেলেছে এই অর্ধে।প্রথমার্ধটা শেখ রাসেলের। পাসিং ফুটবল দিয়ে দারুণভাবে শুরু করেছিল, চাপিয়েও খেলছিল ভালো। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণ ছেড়ে প্রতি-আক্রমণে মনোযোগী হয় রাসেল। যদিও এ সময় গোল শোধের জন্য মরিয়া আবাহনী ভালো সুযোগ পেয়েছে একটিই। গোলরক্ষক বিপ্লবকে একা পেয়েও তাঁর গায়ে মারেন ঘানাইয়ান স্ট্রাইকার ফ্রাঙ্ক।আবাহনীর দীর্ঘ পরীক্ষিত সৈনিক ইব্রাহিম ছিলেন না। হাঁটুতে চোট অনেকটা কাটিয়ে উঠলেও আগের দুই দিন অনুশীলন না করায় কোচ আরদেশির পোরনেমাত ঘানাইয়ান প্লে-মেকারকে ছাড়াই দল সাজান। ইব্রাহিম আবাহনীর হয়ে একটা কাজই করে আসছিলেন, আক্রমণে ফাইনাল পাসটা নিখুঁতভাবে দেওয়া। এদিন সেই অভাবটা বোঝা গেছে। আবাহনীতে চূড়ান্ত পাস দেওয়ার লোক পাওয়া যায়নি। যদিও ইব্রাহিমের না থাকাকে বড় করে দেখতে চাইলেন না কোচ পোরনেমাত। ইরানি ভদ্রলোক বরং আবাহনী সমর্থকদের একহাত নিলেন, ‘সমর্থকদের কারণে খেলোয়াড়েরা চাপে পড়ে যায়। আজ ম্যাচের শুরুতেই একটা ভয় ঘিরে ধরে ওদের। এটা ওদের মানসিক সমস্যা। এই ম্যাচটা ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে না হয়ে অন্য শহরে হলে আমরাই জিততাম।’আবাহনীর কিছু সমর্থকের উগ্রতা এরই মধ্যে দেখে ফেলেছেন পোরনেমাত। ১৪ ডিসেম্বর শেখ জামালের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে ওই সমর্থকেরা মাঠে নেমে গোলমাল করেছে। এ জন্য বাফুফের শৃঙ্খলা কমিটি আবাহনীকে দুই লাখ টাকা জরিমানা করেছে। প্রতিবাদে কাল ম্যাচ শুরুর আগে প্রেসবক্সের সামনে এসে সাংবাদিককের শাসিয়ে যান আবাহনীর কিছু সমর্থক। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো আরকি!এই সমর্থকদের ব্যাপারে ক্রুদ্ধ দেখাল আপাতশান্ত পোরনেমাতকে, ‘সমর্থকেরা দলকে উৎসাহিত করবে। অথচ উল্টো খেলোয়াড়েরা যদি সমর্থকদের ভয়ে খেলতে না পারে তাহলে ফল কীভাবে আসবে?’ ‘হারের জন্য আমিই দায়ী। কাউকেই এ জন্য দোষারোপ করব না’—বলার পর একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার দায়িত্ব আমার। চেষ্টা করব সমস্যা কাটিয়ে উঠতে। না পারলে চলে যাব!’আবাহনী নিশ্চয়ই এমন কিছু চাইবে না!