অভিষেকেই নেপালের দুর্দান্ত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট পেয়ে যেন উড়তেই চাইলেন নেপালের শক্তি গৌচান। ছবি: সৌরভ দাশ
উইকেট পেয়ে যেন উড়তেই চাইলেন নেপালের শক্তি গৌচান। ছবি: সৌরভ দাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে ও হল্যান্ডকে হারিয়ে রীতিমত চমকেই দিয়েছিল বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকং। কিন্তু মূল মঞ্চে হংকংকে বাস্তবতার জমিনে টেনে আনল বাংলাদেশের আরেক গ্রুপসঙ্গী নেপাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংকে ৮০ রানে হারাল নেপাল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসন। নেপালের শুরুটা ভালোই হয়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সুবাস ও সাগর ৪.৩ ওভারেই তোলেন ৩৬। তবে নেপাল লড়াই করার পুঁজি পায় মূলত জয়েন্দ্র মাল্লার ৪৮ ও নেপাল অধিনায়ক পরশ খড়কার ৪১ রানের কল্যাণে। নির্ধারিত ২০ ওভারে নেপালের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৯। প্রস্তুতি মাচে হল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নেওয়া হাসিব আমজাদ আজও নিলেন ৩ উইকেট। হংকংয়ের এ পেসারের বলের গতিও বেশ টের পেল নেপালের ব্যাটসম্যানরা।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে হংকংয়ের শুরুতেই বিপর্যয়। সে বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি অ্যাটকিনসনের দল। ১০.২ ওভারে হংকংয়ের রান ছিল ৩ উইকেটে ৫৮। সেখান থেকে ১১.৪ ওভারে স্কোর ৭ উইকেটে ৫৮! অর্থাত্ ৫৮ রানেই পড়েছে চার-চারটি উইকেট। তবে মজার বিষয় হচ্ছে, কোনো হ্যাটট্রিক হয়নি এ সময়ে। হংকংয়ের খুঁড়িয়ে চলা ইনিংস থামে ৬৯ রানে। নেপাল জেতে ৮০ রানে। হংকংকে ধসিয়ে দেওয়ার মূল কাজটি করেছেন বসন্ত রেজমি ও শক্তি গৌচান। রেজমি ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেটে আর গৌচান সমান ওভারে ৯ রানে পেয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচ সেরা গৌচান।   

প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, সেটিও কিনা বিশ্বকাপে! আজ নেপাল-হংকং দুই দলেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো। হংকং তবু চারটি ওয়ানডে খেলেছে, নেপালের জন্য এটা যেকোনো ধরনের ক্রিকেটেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচটিই স্মরণীয় হয়ে থাকল হিমলায় পাদদেশের দেশটির। নেপাল অধিনায়ক পরশ খড়কা অবশ্য কদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আমরা এখানে এসেছি নেপালকে বিশ্বমঞ্চে তুলে ধরতে।’ অধিনায়কের কথা যথার্থ প্রমাণ করে বিশ্বকাপের মূল মঞ্চে ঠিকই নিজেদের তুলে ধরল নেপাল।

বাংলাদেশের এই দুই গ্রুপ সঙ্গী সম্পর্কে আজ সাকিব আল হাসান জানিয়েছেন, ‘এই দলগুলোর কাউকে তেমন একটা জানি না। তাই কোনো খেলোয়াড় কখন নেমে কী করে ফেলবে, সেটা ধারণা করা যায় না। তাই একটু সাবধানে থাকতে হয়।’ মুশফিক-সাকিবদের নেপালের রেজমি-গৌচানদের কিংবা হংকংয়ের চ্যাপম্যান-আমজাদদের সম্পর্কে ভালোভাবে জেনে  নেওয়ার সুযোগ পাওয়ার কথা এ ম্যাচেই।