ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডেতেই কাল ৫ উইকেট তুলে নিয়েছেন চানাকা ভেলেগেদারা। তবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫ উইকেট পাওয়ার রেকর্ডের ধারেকাছেও নেই শ্রীলঙ্কার এই বাঁহাতি। অভিষেক ওয়ানডেতেই যে ৫ উইকেট পেয়েছেন ৬ জন! ভেলেগেদারার দেশেরই আছেন দুজন—শাউল কারনাইন ও চারিথা বুদ্ধিকা। শ্রীলঙ্কার বিপক্ষেই অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার টনি ডডেমেইড। তালিকায় সবচেয়ে বিখ্যাত নাম অ্যালান ডোনাল্ড (১৯৯১ সালে, প্রতিপক্ষ ভারত)। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন কানাডার অস্টিন কড্রিংটন। তবে এঁদের সবাইকে উইকেট-সংখ্যায় ছাড়িয়ে গেছেন ফিডেল এডওয়ার্ডস। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ২০০৩ সালে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। এই ছয়জনের সবচেয়ে বড় মিল, সবাই পেসার। স্পিনারদের মধ্যে অভিষেকে সেরা বোলিং যাঁর, তিনি ওয়ানডেই খেলেছেন মোটে ৩টি। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল।