অভিষেকেই মৃত্যু বক্সারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্সিং খেলাটা বিপজ্জনক। মৃত্যুর ঘটনাও বিরল নয়। তাই বলে নিজের প্রথম লড়াইয়েই মৃত্যু! এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে জাপানে। ১৭ দিন আগে বক্সিং রিংয়ে নেমেছিলেন তেশিন ওকাদা। ২১ বছর বয়সী জাপানি বক্সারের সেটা ছিল পেশাদার ক্যারিয়ারে অভিষেক। চতুর্থ রাউন্ডে গিয়ে নকআউট হন ওকাদা। জ্ঞানও হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গেছে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে তাঁর। সেটি অপসারণের চেষ্টাও করেছিলেন চিকিৎসকেরা। লাভ হয়নি। ১৬ দিন যমে-মানুষে টানাটানির পর কাল টোকিওর একটা হাসপাতালে মারা গেছেন ওকাদা। ১৯৫২ সাল থেকে এ নিয়ে ৩৮ জন বক্সার মারা গেলেন জাপানে। এএফপি।