অভিষেকেই সোয়ানসি-চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর লািসওর ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন হার্নানেস ডিগবাজি খেলেন শূন্যে। ইউরোপা লিগে লািসও পরশু লেগিয়া ওয়ারশকে হারিয়েছে তাঁর এই গোলেই  এএফপি
গোলের পর লািসওর ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন হার্নানেস ডিগবাজি খেলেন শূন্যে। ইউরোপা লিগে লািসও পরশু লেগিয়া ওয়ারশকে হারিয়েছে তাঁর এই গোলেই এএফপি

স্প্যানিশ অস্ত্র দিয়েই স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে বধ করেছে সোয়ানসি সিটি। ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে সোয়ানসি ইউরোপা লিগের অভিষেকেই ঘটিয়েছে বড় এক অঘটন। অবশ্য ভ্যালেন্সিয়া ১০ জনের দল হয়ে পড়ার সুযোগটা নিয়েছে সোয়ানসি। ইউরোপিয়ান টুর্নামেন্টে স্প্যানিশ কোনো ক্লাবের বিপক্ষে ওয়েলসের কোনো ক্লাবের এটা দ্বিতীয় জয়। এর আগে ১৯৭১ সালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল কার্ডিফ সিটি, উয়েফা কাপ উইনার্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ফিরতি লেগে অবশ্য ২-০ গোলে জিতে সেমিতে উঠেছিল রিয়ালই।
বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস রাজগার্ড পিএসভি আইন্দহোফেনকে ১-০ গোলে হারিয়ে একই রাতে অঘটন ঘটিয়েছে আরেকটি। তবে টটেনহাম, সেভিয়া, লাৎসিও অভিযান শুরু করেছে জয় দিয়ে। স্পেনের আরেক ক্লাব রিয়াল বেটিস ও অলিম্পিক লিওঁর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ইউরোপা লিগে প্রথম তো বটেই; ২২ বছরে এই প্রথম কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলছে সোয়ানসি। এটা যদি তাদের রোমাঞ্চিত করে, তবে ভ্যালেন্সিয়া নামটির জন্য তাদের মনের মধ্যে খচখচানিও ছিল। কারণ ভ্যালেন্সিয়া গত মৌসুমেও খেলেছে চ্যাম্পিয়নস লিগে। সোয়ানসির ডেনিশ কোচ মাইকেল লাউড্রপ তাই আশ্রয় নেন কৌশলের। ভ্যালেন্সিয়া যেখানে মাঠে নামে দলে চারজন স্প্যানিশকে নিয়ে, সেখানে লাউড্রপ একাদশ সাজান ছয়জন স্প্যানিশকে নিয়ে।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডারের ফাটকাটা কী দারুণভাবেই না কাজে লাগল! ১০ মিনিটেই ফরাসি ডিফেন্ডার আদিল রামি পান লাল কার্ড। ৮০ মিনিট দুর্গটা অক্ষত রাখা অসম্ভব ছিল। গোল হজম করল তারা তিনটি। এর একটি আবার করেছেন এক স্প্যানিয়ার্ড—মিচু। সোয়ানসির অন্য গোল দুটি আইভরিয়ান বনি ও ডাচ ডি গুজম্যানের দেওয়া।
টটেনহামের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস আবার হাঁটেন অন্য পথ। লিগে চার ম্যাচেই জার্মেইন ডিফোকে বসিয়ে ভিলাস-বোয়াস শুরুর একাদশে খেলিয়েছেন ভ্যালেন্সিয়া থেকে নিয়ে আসা রবার্তো সালদাদোকে। কিন্তু পরশু সালদাদোকে বসিয়ে ভিলাস-বোয়াস প্রথম একাদশে নামান ডিফোকে। অভিজ্ঞ এই ইংলিশ স্ট্রাইকার করেছেন জোড়া গোল। নরওয়েজিয়ার ত্রোমসোর বিপক্ষে টটেনহামও জিতেছে ৩-০ গোলে। লাৎসিও ১-০ গোলে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে এবং সেভিয়া ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব এস্ত্রোইলকে। এএফপি।