অভিষেকের অপেক্ষায় রাদারফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০, ০, ৪, ০, ২, ১, ৫—ভাববেন না কোনো টেলিফোন নম্বর। ক্রিকেট ইতিহাসের মনোযোগী ছাত্রদের এটি দেখে বুঝে ফেলার কথা। সাতটি সংখ্যা আসলে সাতটি ইনিংস। কেন রাদারফোর্ড! টেস্ট ক্যারিয়ারের দুঃস্বপ্নের শুরুর গল্পে যাঁর নাম আসে একদম শুরুতে। অভিষেক টেস্টে পেয়ার, প্র্রথম সাত ইনিংসে ১২ রান। কাল ডানেডিনে ছবির মতো সুন্দর ইউনিভার্সিটি ওভালে যখন অভিষেক হবে হামিশ রাদারফোর্ডের, মনে তাঁর নিশ্চয়ই আঁকা থাকবে সেই দুঃস্বপ্নের ছবি। হামিশ যে কেন রাদারফোর্ডেরই ছেলে! ক্রিকেট-ট্র্যাজেডির গল্পগাথায় স্থায়ী জায়গা পেয়ে গেছেন বাবা। ছেলের টেস্ট ক্যারিয়ারের শুরুটা নিয়ে তো আগ্রহ থাকবেই! হামিশ অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন। ইংল্যান্ডের এই সফরেই দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। নজরকাড়া কিছু অবশ্য করতে পারেননি। তবে কিছুদিন ধরেই তাঁকে মনে করা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। এবার প্লাঙ্কেট শিল্ডে ৮ ম্যাচে করেছেন ৮০৯ রান, ২০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪ সেঞ্চুরিতে ১৫৬৯ রান। ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের হয়ে খেলেছেন ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস। এবার ডানেডিন টেস্টে ইনিংস শুরু করবেন পিটার ফুলটনের সঙ্গে। বাবার শুরুটা দুঃস্বপ্নে পরিণত করেছিল ক্যারিবিয়ান গতিদানব মার্শাল-গার্নার-হোল্ডিংরা। ছেলের অভিষেককে দুঃস্বপ্নে পরিণত করার জন্য প্রস্তুত অ্যান্ডারসন-ফিন-ওকসরা। দুই সময়ের এই দুই বোলিং আক্রমণের তুলনা হয় না। তবে ওয়ানডে সিরিজে কিউই ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন অ্যান্ডারসন-ফিন জুটি। লাল বলে তো দুজন আরও ভয়ংকর। হামিশের কাজটাও তাই সহজ হবে না মোটেও। বাবা-ছেলের সঙ্গে মিল খুব বেশি নেই। কেন ছিলেন ডানহাতি, হামিশ বাঁহাতি। কেন ওপেনিংয়ের ওই দুঃস্বপ্নের শুরুর পর থিতু হয়েছিলেন মিডল-অর্ডারে, হামিশ সহজাত ওপেনার। কেন ছিলেন সংযমী ব্যাটসম্যান, হামিশ ভালোবাসেন শট খেলতে। কেনের অভিষেক হয়েছিল ১৯ বছর বয়সে, হামিশের ২৩ চলছে। বাবা নিজে আপাতত এগিয়ে রাখছেন ছেলেকেই, ‘আমার শুরুর চেয়ে ওর বয়স চার বছর বেশি। শুরুর আমার চেয়ে অনেক বেশি পরিণতও সে। আমাকে ত্রিনিদাদে মার্শাল-গার্নারদের খেলতে হয়েছিল, ও খেলছে নিজের দেশের, নিজের মাঠে। এই মাঠ, উইকেট ওর চেনা। বছর খানেক ধরে যা পারফরস্যান্স, তাতে সুযোগটা ওর প্রাপ্য ছিল। এখন প্রমাণের দায়িত্ব ওর।’টপ-অর্ডারে হামিশকে দিয়ে সমস্যা সমাধানের আশায় নিউজিল্যান্ড। তবে একটি ধাক্কা খেতে হয়েছে টেস্ট শুরুর আগেই। পার্টিতে নাচতে গিয়ে পা কেটে ফেলেছেন ডগ ব্রেসওয়েল। ডানেডিনে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। খতিয়ে দেখা হচ্ছে এই সাবেক ক্রিকেটারপুত্র মাতাল ছিলেন কি না। তেমন কিছু প্রমাণিত হলে হয়তো রাইডারের পথে যেতে হবে ব্রেসওয়েলকেও। ওয়েবসাইট।