অমন একটা শুরুর পর...
আন্তর্জাতিক ক্রিকেটে রূপকথার মতো অভিষেক। বাংলাদেশের প্রথম বড় বড় প্রায় সব জয়েই অবদান তাঁর রোমাঞ্চকর ব্যাটিংয়ের। এমন একটা সময় ছিল, আশরাফুলের ব্যাট হাসলেই হাসত বাংলাদেশ! পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন অনেকবারই। সেই মোহাম্মদ আশরাফুলের গায়েই আজ কলঙ্কের কালি। ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন, হয়তো অপেক্ষা করছে আরও বড় শাস্তি। আশরাফুলের ক্যারিয়ার যেন আনন্দ-বেদনার এক মহাকাব্য—
৮ সেপ্টেম্বর ২০০১
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্ব-কাঁপানো অভিষেক। দ্বিতীয় ইনিংসে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েন। সেদিন তাঁর বয়স ছিল ১৭ বছর ৬৩ দিন।
১০ মার্চ ২০০৪
টানা ৪৭ ওয়ানডে জয়হীন থাকার পর বাংলাদেশ জয়ের দেখা পায় আশরাফুলের ৩২ বলে ৫১ রানের কল্যাণে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ আশরাফুলকেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ দেয়।
১৯ ডিসেম্বর ২০০৪
ভারতের বিপক্ষে চট্টগ্রামে ১৯৪ বলে ২৪টি চার ও ৩টি ছয়খচিত ১৫৮ রানের চোখ-ধাঁধানো ইনিংস, পরবর্তী নয় বছর যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
১৮ জুন ২০০৫
কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচে ১০১ বলে ঠিক ১০০ রানের ইনিংসে বাংলাদেশের অস্ট্রেলিয়া-বধ। নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই ৫২ বলে ৯৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস।
৭ এপ্রিল ২০০৭
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে গায়ানায় ৮৩ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অভাবনীয় জয়।
৩০ এপ্রিল ২০০৭
দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হন।
২৭ মে ২০০৭
ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে ৪১ বলে ৬৭ রানের ইনিংসের পথে সময়ের হিসাবে (২৭ মিনিটে) টেস্ট ইতিহাসের দ্রুততম ফিফটি।
২ জুন ২০০৭
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। সে মাসেই শ্রীলঙ্কায় অধিনায়ক হিসেবে অভিষেক।
জুন-জুলাই ২০০৭
শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেও দল হারে ৩-০-তে।
১৩ সেপ্টেম্বর ২০০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ করে জেতান বাংলাদেশকে। ‘আশরাফুলস স্কুপ’-এ পসরা মেলে ২০ বলে করা হাফ সেঞ্চুরি সে সময় ছিল টি-টোয়েন্টির দ্রুততম। এই জয়ই পরে সুপার এইটে তুলে দেয় বাংলাদেশকে।
২৩ জুন ২০০৯
ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় অধিনায়কত্ব হারান।
২০১০-২০১২
বাংলাদেশ দলে আসা-যাওয়া করে কেটেছেসময়টা।
১১ মার্চ ২০১৩
নিজের রেকর্ড ভেঙে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রানের ইনিংস। সে দিনই যা ভেঙে দেন মুশফিকুর রহিম।
৪ জুন ২০১৩
আকসুর কাছে বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ের স্বীকারোক্তি করায় সাময়িকভাবে নিষিদ্ধ।