অমর ফস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাবায় সর্বোচ্চ রানের ইনিংসটি গড়েছেন, তবে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা গড়তে পারেননি অ্যালিস্টার কুক। বলা ভালো, সুযোগ পাননি অ্যান্ড্রু স্ট্রাউস ইনিংস ঘোষণা করে দেওয়ায়। সর্বোচ্চ ইনিংসটা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছে অন্য কারণে। ১৯০৩-০৪ অ্যাশেজে সিডনিতে রেজিনাল্ড আর্সকাইন ফস্টারের ২৮৭ রানের ইনিংসটা যে ছিল তাঁর অভিষেক টেস্টে! তাঁর পরে অভিষেকে দ্বিশতক করেছেন আরও চারজন, কিন্তু ফস্টারের ইনিংসটার ধারেকাছে যেতে পারেননি কেউ। ‘টিপ’ ফস্টার নামেই বেশি পরিচিত ব্যাটসম্যান অনন্য ছিলেন আরেকটা জায়গায়। ক্রিকেট দলের তো বটেই, অধিনায়কত্ব করেছেন ইংল্যান্ডের ফুটবল দলেরও! অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের পক্ষে কুকের অপরাজিত ২৩৫ রানের চেয়ে বড় ইনিংস আছে আর একটিই। ১৯২৮-২৯ অ্যাশেজে সিডনিতেই ২৫১ করেছিলেন ওয়ালি হ্যামন্ড।