অমরত্বের পথে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেড পেরি, রয় এমারসন, রড লেভার, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার...রাফায়েল নাদাল। টেনিস কিংবদন্তিদের পাশে নাদালের নাম এখনই বসাতে হয়তো আপত্তি করবেন অনেকে। বয়স মাত্র ২৪, সামনে এখনো দুর্গম গিরি তো পড়েই রয়েছে তাঁর জন্য। তবে কেউ চান বা না চান, এই স্প্যানিয়ার্ডের নাম এখন উচ্চারণ করতে হবে এঁদের সঙ্গেই। ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে যে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করে ফেললেন নাদাল। টেনিসের চারটি প্রধান টুর্নামেন্ট জেতাকেই বলে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’, নাদালের আগে পুরুষ এককে যে কৃতিত্ব ছিল মাত্র ছয়জনের। সব মিলিয়ে ক্যারিয়ারের নবম গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-২ গেমে সার্বিয়ার জোকোভিচকে হারিয়ে। কাকে, কী ব্যবধানে হারালেন—এই তথ্য এখন গৌণ। এই জয় যে অমরত্বের পথে এক ধাপ এগিয়ে দিল নাদালকে!২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেনে পেয়েছিলেন প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ। ২০০৮ সালে জেতেন উইম্বলডন। মাটি আর ঘাসের কোর্টের পর ২০০৯ সালে হার্ডকোর্টের গ্র্যান্ড স্লামও জেতা হয়ে যায় তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে। বাকি ছিল কেবল ইউএস ওপেন। ‘আমি এখানে জিতব এতটা স্বপ্নেও ভাবিনি’—হাতে ট্রফি নিয়ে নাদালের এই মন্তব্যই বলে দিচ্ছিল, উচ্ছ্বাসের প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাঁকে।