অমরনাথদের তৃতীয় পুরুষ
টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন দাদা লালা অমরনাথ। দাদার মতো বাবা সুরিন্দরও সেঞ্চুরি পেয়েছিলেন অভিষেক টেস্টে। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করা একমাত্র বাবা-ছেলে জুটি লালা-সুরিন্দরই। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক চাচা অলরাউন্ডার মহিন্দর অমরনাথ। এমন একটা পরিবারে জন্ম নেওয়া কারও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটাই স্বাভাবিক। তবে সুরিন্দর তনয় দিগ্বিজয়ের প্রথম শ্রেণীতে অভিষেক হলো শ্রীলঙ্কায়।বাবার মতোই বাঁহাতি ব্যাটসম্যান ২২ বছর বয়সী দিগ্বিজয়ের অভিষেক শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। গত বছর চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে গিয়েই চোখে পড়েন এক শ্রীলঙ্কান কোচের। সেই কোচই তাঁকে নিয়ে যান বাদুরেলিয়া স্পোর্টস ক্লাবে। এ বছর ২২ ফেব্রুয়ারি তামিল ইউনিয়নের বিপক্ষে অভিষেক ম্যাচের দুই ইনিংসে ১৫ ও ১৩ রান করেন দিগ্বিজয়। পরের ম্যাচে একটি ফিফটি। চার ম্যাচে ২৩ গড়ে ১৩৮ রান করে দেশে ফিরে এসেছেন। ওয়েবসাইট।