অমল-শারমিনের দ্বি-মুকুট
বিজয় দিবস টেনিসে দ্বি-মুকুট জিতলেন অমল রায় ও শারমিন আলম। রমনা টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে অমল হারিয়েছেন বিপ্লব রামকে। এরপর দ্বৈতে রঞ্জন রামের সঙ্গে জুটি গড়ে হারিয়েছেন আনোয়ার হোসেন ও দীপু লাল জুটিকে। মহিলা এককের ফাইনালে ইশিতা আফরোজ প্রথম সেটে ৬-২ গেমে জেতেন। দ্বিতীয় সেটেও ৩-২ গেমে এগিয়ে ছিলেন ইশিতা। কিন্তু একপর্যায়ে পায়ের মাংসপেশিতে টান পড়ায় অবসরে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত শারমিনকে জয়ী ঘোষণা করা হয়। তবে মহিলা দ্বৈতের ফাইনালে শারমিন আলম ও সাথী সরকার জুটি ৬-৩, ৬-৩ গেমে হারান ইশিতা আফরোজ ও আয়েশা সুলতানাকে। বালক এককের ১৬ বছর গ্রুপে চ্যাম্পিয়ন মামুন বেপারী, ১২ বছর গ্রুপে রুবেল হোসেন। বালিকা এককে চ্যাম্পিয়ন আফ্রিদা। মিনি টেনিস বালক একক ৮ বছর গ্রুপে আলভি, বালিকা একক ৮ বছর গ্রুপে জারা ওমর, বালক একক ১০ বছর গ্রুপে তাহমিদ এবং বালিকা একক ১০ বছর গ্রুপে রিফা চ্যাম্পিয়ন।