অমলিন সেই হাসি
ড্যারেন স্যামি হাসতে ভালোবাসেন। কখনো মৃদু, কখনো আকর্ণ বিস্তৃত, কখনো হো হো করে। মজার কিছু হলে তো হাসেনই, সাধারণ কথাতেও হাসেন। হাঁটতে হাঁটতে হাসেন, বসে থেকে হাসেন। অনুশীলনে হাসেন, ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্তেও হাসেন। পরিচিত-অপরিচিত সবার দিকে তাকিয়েই হাসেন। সংবাদ সম্মেলনেও প্রায় সব সময়ই তাঁর হাসিমুখ। কাল দুপুরেও যেমন মিরপুরে সংবাদ সম্মেলনে ঢুকলেন হাসতে হাসতে। প্রায় সব প্রশ্নের উত্তরেই মুখে লেগে থাকল ওই হাসিটা।সব সময় এমনই ছিলেন। তবে অধিনায়ক হওয়ার পর সব সময়ই পাদপ্রদীপের আলোয় বলে এটি বেশি চোখে পড়ে। অধিনায়ক? অধিনায়ক ড্যারেন স্যামির পাশে এই প্রশ্নবোধক চিহ্নটা সেই শুরু থেকেই। অনেকে এমনও বলেন, ড্যারেন স্যামি অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুরবস্থা বোঝাতে এই তথ্যটাই যথেষ্ট। অথচ ওই তপ্ত আসনে দেখতে দেখতে আড়াই বছর কেটে গেল ছোট্ট দ্বীপদেশ সেন্ট লুসিয়ার প্রথম টেস্ট ক্রিকেটারের। সৌরভ গাঙ্গুলী যখন ভারতের অধিনায়ক, রসিকতা করে তিনি বলতেন, অধিনায়কত্বের চাপে তাঁর চুল পেকে গেছে। অবিশ্বাস্যই বলতে হবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের টালমাটাল সময়টায় নেতৃত্ব দেওয়ার বিষম চাপও স্যামির মুখ থেকে ওই হাসিটা কেড়ে নিতে পারেনি।সৌরভের সঙ্গে বড় একটা পার্থক্য আছে। অধিনায়কত্ব পাওয়ার দিন থেকেই স্যামির ছায়াসঙ্গী হয়ে আছে সমালোচনা। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন। দলে যাঁর জায়গা হয় না, তিনি কীভাবে অধিনায়ক? দলে এত সব তারকা নেতা বলে কেন মানবেন তাঁকে? একেবারে অযৌক্তিকও বলা যাবে না প্রশ্নটাকে। ২০০৭ সালে স্বপ্নের মতো টেস্ট অভিষেকে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। ১৯৫০ সালে আলফ ভ্যালেন্টাইনের (৮/১০৪) পর যা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং। কিন্তু সেটি ছিল ওল্ড ট্রাফোর্ডের সুইঙ্গিং কন্ডিশনে। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আর হয়নি। অভিষেকের পর অধিনায়ক হওয়ার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ যে ২৭টি টেস্ট খেলেছে, ছিলেন তার মাত্র ৮টিতে। এর মধ্যে দুটি আবার ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। ক্রিস গেইলরা ধর্মঘটে যাওয়ায় বছর খানেক পর ফিরে জোড়াতালি দেওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের সহ-অধিনায়কও হয়ে গেলেন। সেই সিরিজে টানা দুই টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন স্যামি। কিন্তু সেটি কজনের মনে আছে, সন্দেহ!প্রতীকী হয়ে এটিও আসলে বুঝিয়ে দেয় স্যামিকে। একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা হয়তো তাঁর নেই, তবে পারফরম্যান্স করলেও কেন যেন সেটি সবাই খুব দ্রুতই ভুলে যায়। অধিনায়ক স্যামির পারফরম্যান্সই যেমন। বোলার হিসেবে তাঁকে গোনায়ই ধরে না কেউ। অথচ অধিনায়ক হওয়ার পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁর চেয়ে বেশি উইকেট শুধুই কেমার রোচের (রোচ ৬২, স্যামি ৪৪)। টি-টোয়েন্টিতে রবি রামপলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট (১৯)। ওয়ানডেতে স্যামির (২৯) চেয়ে বেশি উইকেট আছে মাত্র তিনজনের। অলরাউন্ডার স্যামিকেও ফিরিয়ে এনেছে অধিনায়কত্ব। টেস্টে একমাত্র সেঞ্চুরি আর তিন ফিফটির সবগুলোই অধিনায়ক হওয়ার পর।স্যামির আসল মহিমা তো অন্য। অনেকগুলো দ্বীপদেশের বর্ণময়, বৈচিত্র্যময় সব ক্রিকেটারকে এক সুতায় গাঁথা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যামির কাজটা আরও কঠিন ছিল সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহে। চ্যালেঞ্জটা কী দারুণভাবেই না জিতেছেন স্যামি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে যে দারুণ সুখী এক পরিবার মনে হলো, তাতে অধিনায়কের ভূমিকাকে কেউ গুরুত্ব দিতে না চাইলে বুঝতে হবে তিনি ক্রিকেট বোঝেন না।টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয়ের পর বলা কথাগুলো স্যামির ক্রিকেট-দর্শন ছাপিয়ে জীবনদর্শনও, ‘সমালোচনা নিয়ে আমি ভাবি না। যিশুখ্রিষ্ট পৃথিবীতে এসেছিলেন, কোনো ভুল করেননি, তার পরও তাঁকে ক্রুশে চড়ানো হয়েছিল। আমি তো ওই মানুষটির ধারেকাছেও নেই! যখন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাই, লোগোটা যখন বুকের ওপর থাকে, সেটা হূদয়েও ধারণ করি। প্রতিদিন মাঠে সর্বস্ব ঢেলে দিই, পরদিন আগের দিনের চেয়েও বেশি চেষ্টা করি।’সেই নিরন্তর চেষ্টার সময়ও ড্যারেন স্যামির মুখে লেগে থাকে ওই হাসি!