অমলেশ আর কী করবেন?
প্রথমার্ধ শেষেই আবাহনী গ্যালারি ভরিয়ে তোলা সমর্থকেরা মাঠ ছাড়তে শুরু করে। তবে শেখ জামাল ধানমন্ডির কাছে ৩-০ গোলে হারের পরও আকাশি-নীল দলের কিছু সমর্থক শেষ পর্যন্ত ছিল। ছিল আসলে আবাহনীর ক্লাব কর্তাদের তুমুল গালিবৃষ্টিতে ধুয়ে দিতে।
কয়েক মৌসুম ধরেই ভালো দল গড়ছে না আবাহনী। তারই ছাপ পড়ছে মাঠের পারফরম্যান্সে। ২০১০ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর ফাইনালেই উঠতে পারছে না আকাশি-নীলরা।
গত মাসে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে শেখ জামালের কাছে ৫-১ গোলে হেরে যায় ফেডারেশন কাপের আটবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি খেলোয়াড় বাছাইয়ের জন্য হলেও ওটা ছিল আবাহনীর জন্য সতর্কবার্তাও। রহমতগঞ্জ, ফেনী সকারকে হারিয়ে সেমিফাইনালে ওঠা অতি আত্মবিশ্বাসী আবাহনীর রক্ষণদেয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাল ম্যাচের চার মিনিটেই। পুরো ম্যাচে সনি নর্দে, ডার্লিংটন আর ওয়েডসন ত্রয়ী নাচিয়ে ছেড়েছেন আবাহনীকে। ম্যাচ শেষে কোচ অমলেশ সেনের মুখে শুধুই হতাশা, ‘প্রথম গোলটা খুব তাড়াতাড়ি হয়েছে। দ্বিতীয় গোলটা মিশু আর গোলকিপার সোহেলের ভুল-বোঝাবুঝিতে হয়েছে। দুটি গোল খেয়ে দলটা আর দাঁড়াতেই পারেনি।’ বিরতিতে খেলোয়াড়দের উজ্জীবিত করেছিলেন বলেই আর লজ্জায় পড়তে হয়নি বর্ষীয়ান কোচকে, ‘হাফ টাইমে সবাইকে বুঝিয়ে কিছু বদল এনেছি। এ জন্য আর গোল হয়নি। অন্তত একটা গোল পেলেও ম্যাচটা জমত।’ কেন আবাহনীর এমন দুর্দশা? অমলেশের যেন বলার কিছু নেই, ‘আসলে এখানে আমার কিছুই করার নেই। পুরোটাই টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। আমার হাতে যেমন দল দেওয়া হয় আমি সেটা নিয়েই খেলি।’
ওদিকে কোচের প্রত্যাশামতোই খেলেছেন শেখ জামালের ফুটবলাররা। সারাক্ষণ ডাগ-আউটে দাঁড়িয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করা কোচ আপুসি তিনটি গোলের বর্ণনা দিলেন একবাক্যে, ‘প্রথম গোলটির উৎস কনফিডেন্স, দ্বিতীয়টি ব্যালান্সড অ্যাটাক, তৃতীয়টি কন্ট্রোলে।’ জয়ের পুরো কৃতিত্বই দিলেন খেলোয়াড়দের। পেনাল্টি মিস করায় হ্যাটট্রিক হয়নি সনি নর্দের। ম্যাচ শেষে হাইতিয়ান ফুটবলারের কথা, ‘পেনাল্টিতে যতটা মনোযোগ দেওয়া উচিত ছিল ততটা দিতে পারিনি।’ শেখ জামালের অধিনায়ক মামুনুল বললেন, ‘আমরা ভালো ফুটবল উপহার দিতে চেয়েছি। সেটাই দিয়েছি। আশা করি, ফাইনালেও ভালো খেলে চ্যাম্পিয়ন হব।’