অমিতাভের আফসোস

ক্রিস গেইলের বড় ভক্ত অমিতাভ বচ্চন। জ্যামাইকান ওপেনারও ভীষণ পছন্দ করেন বলিউড কিংবদন্তির চলচ্চিত্র, গান। কদিন আগে দুজনের মধ্যে যে টুইট বার্তা বিনিময় হয়েছিল, সেটি নিশ্চয়ই মনে আছে? গেইল অটোগ্রাফ দেওয়া একটি সোনালি ব্যাট পাঠিয়েছিলেন ‘বিগ বি’কে। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে দারুণ খুশি হয়েছিলেন অমিতাভও। বলিউড অভিনেতাকে গেইল লিখেছিলেন, ‘শিগগির দেখা হবে ভারতে।’ অমিতাভের শহর মুম্বাইয়ে এসেই ক্যারিবীয় ওপেনার তুললেন ঝড়! পরশু ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে খেললেন ৪৮ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলতে মুম্বাই থেকে বেঙ্গালুরু চলে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। এক শহরে থেকেও দেখা হলো না দুজনের। এ কারণেই একটু আফসোস হচ্ছে অমিতাভের, ‘ক্রিস গেইল অবিশ্বাস্য! মুম্বাইয়ে আপনার সঙ্গে দেখা করতে না পেরে দুঃখিত। তবে খেলা দেখেছি! ওয়াহ্!’ ওয়ান ইন্ডিয়া।