‘সাড়ে পাঁচ বছরে বাংলাদেশের কি কোনো উন্নতি হয়েছে বলে মনে করো তুমি?’ইংরেজি ভাষায় আপনি-তুমি বলে আলাদা কোনো শব্দ নেই। অনুবাদটা ‘তুমি’ করলাম, কারণ প্রশ্নকর্তার বয়স ৫৬। ক্রিকেট সাংবাদিকতা করছেন ৩৩ বছর। এখন সানডে টেলিগ্রাফ-এর ক্রিকেট প্রতিনিধি। তিন বছর ধরে এর চেয়েও বড় পরিচয়—‘ক্রিকেটের বাইবেল’ বলে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের সম্পাদক। আপনিই বলুন, এমন প্রোফাইলের কারও ‘you’-কে কি ‘তুমি’ বলেই মনে হওয়ার কথা নয়?বাংলাদেশের উন্নতি হয়েছে কি হয়নি—এটির বিবেচনাকাল ‘সাড়ে পাঁচ বছর’ হওয়ার কারণ, শিল্ড বেরি সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন ২০০৩ সালের অক্টোবরে। ইংল্যান্ডের প্রথম সফরে বাংলাদেশকে ওয়ানডে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে দেখেছিলেন। সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশে এসে সেই একই দৃশ্যের পুনরাভিনয় দেখে তাঁর ওই প্রশ্ন।এক যুগ ধরে উইজডেন অ্যালম্যানাকের বাংলাদেশ প্রতিনিধি বলে এক দিক থেকে ভদ্রলোক আমারও সম্পাদক। প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেই পরিচয় আর দেশপ্রেমের মধ্যে কিছুক্ষণ টানাপোড়েন চলল। শেষ পর্যন্ত জয়ী হলো দ্বিতীয়টাই। আমি বললাম, ‘কী বলেন, এরপর তো বাংলাদেশের অনেক উন্নতি! ওয়ানডেতে ইংল্যান্ড ছাড়া সব বড় দলকেই হারিয়েছি আমরা। ভারত-শ্রীলঙ্কাকে দুবার...’। কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে শিল্ড বেরি বললেন, ‘ওয়ানডের কথা বাদ দাও। ওয়ানডেতে মাঝেমধ্যে এমন আপসেট হয়ই। টেস্ট দল হিসেবে বাংলাদেশ কি একটুও এগিয়েছে?’এবার আর অকপট না হয়ে উপায় থাকল না। এমন তো নয় যে, প্রশ্নকর্তা সিদ্ধান্তে পৌঁছাতে আমার উত্তরের অপেক্ষা করছেন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর প্রেসবক্সের ছাদে ওই কথোপকথনের আগেই ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে সানডে টেলিগ্রাফ-এ শিল্ড বেরির কলামটা পড়েছি। যাতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াতে আইসিসির ভোটের রাজনীতির বড় ভূমিকা ছিল দাবি করে তথ্যপ্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, দশটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শুরুটাই সবচেয়ে জঘন্য। ৬৩ টেস্টে ৫৫ পরাজয়, যার অর্ধেকেরও বেশি ইনিংসের ব্যবধানে। ৩টি জয়ের সব কটিই হীনবল প্রতিপক্ষের সৌজন্যে। এসব তথ্য মনে করিয়ে দেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের অ্যাভারেজ-ট্যাভারেজ উল্লেখ করে শিল্ড বেরি লিখেছেন, ইংল্যান্ডের জন্য এটা খুব বিপজ্জনক সফর। সেটির কারণ বাংলাদেশ ভালো বলে নয়, বাংলাদেশ খারাপ বলে। এখানে কোনো খেলোয়াড়ের ভালো পারফরম্যান্স নির্বাচকদের ভুল বোঝাতে পারে। সেই পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে মহাগুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজের দলে নিয়ে ফেললে মহা ভুল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।বাংলাদেশ দলকে নিয়ে এমন কথা পড়তে কার ভালো লাগে! কিন্তু প্রতিবাদ যে করব, তার উপায় কই? প্রতিটি কথাই তো সত্যি। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমরা ‘তরুণ দল’ ‘আরেকটু সময় লাগবে’ এমন যা যা বলেছিলাম, দশ বছর পরও তো সে সবই বলে যাচ্ছি। যেভাবে চলছে বাংলাদেশের ক্রিকেট, তাতে আগামী দশ বছর পরও তা-ই বলতে হবে।ক্রিকেটে এই কথাটা এখন প্রায় স্বতঃসিদ্ধ প্রবাদের মতো, ‘ইয়োর টিম ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর বোর্ড।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের চেয়েও খারাপ কি না—এই তর্ক হতেই পারে। দশটা বছর কী করেছি আমরা? প্রথম শ্রেণীর ক্রিকেট এখনো তামাশা, টেস্ট ক্রিকেটের জন্য খেলোয়াড়দের তৈরি করতে একেবারেই ব্যর্থ। অবকাঠামো-অনুশীলন সুবিধা যে তিমিরে ছিল, এখনো প্রায় সেই তিমিরেই। ক্লাবগুলোতে আধুুনিক ক্রিকেটে অবশ্যপ্রয়োজনীয় সুযোগ-সুবিধার কিছুই নেই। এই যে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ভেন্যু, এত দিনেও এখানে একটা জিমনেসিয়াম পর্যন্ত করতে পারেনি বিসিবি।নিকট ভবিষ্যতে এসবের কোনো পরিবর্তন হবে—এই আশা করাটাও এখন দুরাশা বলে মনে হয়। কীভাবে আশা করবেন? দশ বছর ধরে তোতাপাখির শেখানো বুলির মতো ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা হবে’ বলে যাওয়া হচ্ছে। প্রায় তিন বছর হতে চলল, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা পর্যন্ত নিয়োগ দিতে পারেনি বিসিবি। মাঝেমধ্যেই ইন্টারভিউ-টিন্টারভিউয়ের নামে কিছু নাটক হয়, তারপর আর কোনো খোঁজ নেই। জিম্বাবুয়ের ক্রিকেটের এই যে এমন দুরবস্থা, জিম্বাবুইয়ান ক্রিকেটও তো প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়া এক দিন চলেনি।শিল্ড বেরিকে এত সব বললাম না। নিজেদের লজ্জা অন্যের কাছে হাট করে দিতে কার ভালো লাগে! তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের খোঁজখবর যখন নিলেন, তখন বলতেই হলো, বাংলাদেশে এখনো জাতীয় নির্বাচকেরা বিভাগীয় দল নির্বাচন করে দেন। কারণ আঞ্চলিক ক্রিকেট কাঠামো বলতে কিছুই নেই। ‘তুমি না অনেক বছর ধরে উইজডেনে এই সমস্যার কথা লিখে যাচ্ছ’ বলে এমন এক দৃষ্টিতে শিল্ড বেরি আমার দিকে তাকালেন, যেন প্রতিবছর একই কথা লিখে যাওয়ার দোষটা আমার!চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ আবার ইনিংস পরাজয়ের মুখোমুখি—এটাকে এই নৈরাশ্যবাদী লেখার কারণ বলে ভাববেন না। খেলায় এমন হয়ই, বড় দুই দলের টেস্টেও কি ইনিংস ব্যবধানে ফলাফল নিষ্পত্তি হয় না? কিন্তু আপনি-আমি তো জানি, বাংলাদেশের জন্য এটাই নিয়ম এবং যত দিন আমাদের সার্বিক ক্রিকেট কাঠামো একটা টেস্ট খেলুড়ে দেশের উপযুক্ত হয়ে না উঠবে, এটা নিয়ম হয়েই থাকবে।বাংলাদেশ দল হঠাত্ একটু ভালো খেলে ফেললে উচ্ছ্বাসে ভেসে যাই কেন—এই প্রশ্ন করবেন তো! ভাই রে, আমাদেরও কি মাঝেমধ্যে একটু ভালো কিছু লিখতে ইচ্ছে করে না! প্রতিপক্ষ সাড়ে পাঁচ শ-ছয় শ করে ইনিংস ছেড়ে দিয়েছে, আর দ্বিতীয় দিন শেষে ৫/৬ উইকেট নেই—বাংলাদেশের এমন ৩৫/৪০টা টেস্ট কভার করে ফেলেছি জেনে শিল্ড বেরিও তো আন্তরিক সমবেদনা জানালেন!