ধরুন, এটা একটা কুইজ। বলুন তো, ক্রিকেট খেলায় নিঃসঙ্গতম মানুষটিকে আমরা কী নামে ডাকি? এটা কোনো প্রশ্ন হলো ভেবে আপনি হয়তো হাসতে শুরু করেছেন। আরে, এটা কে জানে! ব্যাটসম্যান!আগে থেকেই যদি আপনি এভাবে ভেবে থাকেন, ভালো। না ভেবে থাকলে একটু ভাবতে অনুরোধ করি। একজন ব্যাটসম্যান যখন ক্রিজে দাঁড়ান, মাঠে তাঁর চেয়ে নিঃসঙ্গ আর কেউ নয়। তাঁকে বিফল করার যড়যন্ত্রে লিপ্ত প্রতিপক্ষের ১১ জন। একটু ভুলভ্রান্তি হলে বিচার করার জন্য শ্যেন দৃষ্টিতে তাকিয়ে দুই আম্পায়ার। কিংবদন্তি ধারাভাষ্যকার ও ক্রিকেট লেখক জন আর্লটই বোধ হয় বলেছিলেন কথাটা—ব্যাটিং হলো একটা বিচারের নাম, যাতে বাদী ১১ জন আর বিচারক দুই আম্পায়ার। স্মৃতি থেকে লিখছি বলে একটু এদিক-ওদিক হতে পারে। তবে মূল ভাবটা বুঝতে তো তাতে সমস্যা নেই। আর কোনো খেলায় একের বিপক্ষে এমন এগারো নেই। অন্যদিকে নিজের দলের একজন থাকেন, কিন্তু স্টান্স নিয়ে ফেলার পর তো ব্যাটসম্যান একেবারেই একা। যা করার তাঁকেই করতে হবে। কোনো একটা বল আরেকটা বলের মতো নয়। সেটি দেখে মুহূর্তের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কী খেলব, কীভাবে খেলব। বেশির ভাগ সময় একটা ভুল করলেই সব শেষ। এত সব প্রতিকূলতার মধ্যে ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যানদের মাথায় কী খেলা করে, এটি আমার চির কৌতূহলের বিষয়। যেটি আরও বাড়ল কাল মুশফিকুর রহিমের আউটটা দেখে। কী ভেবে মুশফিকুর অমন ডাউন দ্য উইকেট মারতে গেলেন?ওই সময় এমন একটা শট খেলাটা পাপের পর্যায়ে পড়ে। এটা আমি বুঝি, আপনি বোঝেন, আর মুশফিকুর বোঝেন না, এটা হতেই পারে না। তার পরও কেন এমন করলেন? তিনি মুশফিকুর রহিম বলেই বিস্ময়টা একটু বেশি। সেটি তিনি অধিনায়ক, শুধু এ কারণে নয়। মুশফিকুরের চরিত্রের সঙ্গে ওই হঠকারিতাটা একদম যায় না।ভেবে ভেবে একটা কারণ বের করলাম। শারীরিক ও মানসিক ক্লান্তিতে মুশফিকুরের মাথা আসলে কাজ করছিল না। প্রায় সাত সেশন মাঠে ছিলেন। ফিল্ডিংয়ের সময় উইকেটকিপারের ওপর দিয়ে ধকলটা সবচেয়ে বেশি যায়। এটা যদি শারীরিক ক্লান্তির কারণ হয়, মুশফিকুরকে মানসিকভাবেও ক্লান্ত করেছে অধিনায়কের দায়িত্ব। প্রতি মুহূর্তেই তো ফিল্ড প্লেসিং বা বোলিং পরিবর্তন নিয়ে ভাবতে হয়েছে তাঁকে। দু দিনেরও বেশি এই কাজ করার পর ঘণ্টাখানেকের মধ্যেই আবার ব্যাটিং করতে নামলে চিন্তাশক্তিতে তা প্রভাব ফেলারই কথা। পেশাদার খেলোয়াড়দের এসব অজুহাতের আড়ালে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই এটা যেমন সত্যি, আবার সত্যি এই বাস্তবতাটাও।হ্যাঁ, দীর্ঘ অভ্যাসে এসব প্রতিকূলতাও জয় করা যায়। অনেকেই করেছেন। কিন্তু মুশফিকুরদের সেই অভ্যাসটাই তো হয়নি। টেস্ট ক্রিকেটেও প্রতিনিয়ত শেখার আছে। তবে বিশ্বজুড়ে শেখার মূল কাজটা প্রথম শ্রেণীর ক্রিকেটেই হয়। আর বাংলাদেশের টেস্ট খেলোয়াড়েরা সেটি খেলারই সুযোগ পান না। কালই যেমন নাসির হোসেন বলে গেলেন, এক শ করাটা অভ্যাসের ব্যাপার। তা সেই অভ্যাসটা কোথায় হবে? টেস্ট ক্রিকেটে এসে? টেস্ট ক্রিকেটটা বুঝি এতই সোজা! টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খারাপ করে আর আমরা এদের দিয়ে কিচ্ছু হবে না বলে গালাগালি করি। প্রতিটি টেস্ট সিরিজ শেষেই আমাদের ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান উন্নত করতে হবে বলে সবাই বিজ্ঞের মতো মাথা ঝোঁকাই। কিন্তু সেটি কথার কথাই হয়ে থাকে। ধুঁকে মরা জাতীয় লিগ নামের বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রমাণ করে দেয়, আমরা আসলে এখনো টেস্ট খেলুড়ে জাতিই হতে পারিনি।অবহেলার প্রমাণ চান? বেশির ভাগ সময় জাতীয় লিগ যখন হয়, তখন জাতীয় দলের খেলোয়াড়েরা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত। বেশির ভাগ টেস্ট খেলুড়ে দেশেই এমন হয়। কিন্তু আমাদের তো দায় বেশি। বারো বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটে হাবুডুবু খাচ্ছি, বিসিবির অগ্রাধিকার তালিকায় তো এক নম্বরে থাকার কথা জাতীয় লিগ। যেন জাতীয় দলের সব খেলোয়াড়কে যত বেশি সম্ভব তাতে খেলানো যায়, এটি নিশ্চিত করা। কাজটা কঠিন বলছেন? হ্যাঁ, কঠিনই তো। কারণ, বিসিবির কাছে তো জাতীয় লিগের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ বেশি গুরুত্বপূর্ণ। ক্যালেন্ডার করার সময় সবচেয়ে আগে নিশ্চিত করা হয়, জাতীয় দলের সব খেলোয়াড়কে যেন প্রিমিয়ার লিগে পাওয়া যায়। এখন আবার গোদের ওপর বিষফোড়া হয়ে এসেছে বিপিএল। প্রিমিয়ার লিগ-বিপিএল ঠিক রেখে জাতীয় লিগের ঝামেলাটা কোনোমতে সেরে ফেললেই হলো। জাতীয় লিগ নিয়ে অবহেলা ও খামখেয়ালিপনার আরেকটি প্রমাণ তো হাতের কাছেই। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে এক দিনের দুটি প্রস্তুতি ম্যাচে যাঁরা খেলবেন, তাঁদের সবাইকে জাতীয় লিগে ম্যাচ থেকে চলে আসতে হবে। জাতীয় লিগের এই রাউন্ডটা এক দিন এগিয়ে নিলেই যে এই বিপত্তিটা এড়ানো যায়, ভাবতে অবাক লাগে, এটি ভাবার মতো লোকও নেই!অকারণেই আক্ষেপ করছি। টেস্ট খেলুড়ে একটা দেশে যখন শুধুই ৫০ ওভারের ম্যাচ খেলে, এমন ক্লাবের কর্মকর্তারাই সর্বেসর্বা হয়ে থাকেন, তখন এমনই হওয়ার কথা। বাংলাদেশ যে কখনো কখনো টেস্টে একটু ভালো খেলে ফেলে, এতেই আমি অবাক হই।