দীর্ঘ প্রায় সাড়ে চার দশক হাহাকার ছিল বুভুক্ষুর মতো। চাতকের তৃষ্ণা নিয়ে বৃষ্টির প্রার্থনায় আকাশের দিকে তাকিয়ে ছিল স্পেন। সেই বর্ষণ যখন শুরু হলো, একেবারেই সাফল্যের প্লাবন! কয়েক বছর ধরে ক্লাব ফুটবলে স্প্যানিশ আধিপত্য। আন্তর্জাতিক পর্যায়েও। ইউরো আর বিশ্বকাপের দুটো শিরোপাই এসেছে। এবার ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো—এই ছন্দ মেলাতে তৈরি তারা। আর সেই ছন্দের জাদুকর, সেই অর্কেস্ট্রার কনডাক্টর হলেন জাভি—জাভি হার্নান্দেজ!বার্সেলোনার মতো স্পেনেরও মাঝমাঠের কান্ডারি তিনি। দলের হূৎপিণ্ড। তবে কিনা এই মৌসুমে মাঝেমধ্যেই যেন ছন্দটা হারিয়ে ফেলেছেন। আর জাভি ছন্দহীন মানে তো পুরো দলও বৈতালিক। খুব সম্ভবত নিজের শেষ ইউরো খেলতে চলা এই ৩২ বছর বয়সী অবশ্য বেশ প্রত্যয় নিয়েই বলছেন, ইউরোর জন্য শারীরিক-মানসিক দুভাবেই তিনি তৈরি, ‘গত কয়েক মাসে আমি বাঁ পায়ের পেশির চোটে ভুগেছি। কিন্তু এখন পুরো সুস্থ। বেশ ভালো করছি। সেরা পর্যায়ে গত ১৫ দিন অনুশীলন করছি। লিগে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটাও খেললাম। সত্যি বলতে কি, আমি এখন বেশ সুস্থ।’ইউরো-বিশ্বকাপ-ইউরো—এই শিরোপাত্রয়ী জেতার সম্ভাবনায় জাভি নিজেও রোমাঞ্চিত, ‘ইউরো নিয়ে উত্তেজনায় আছি, যেখানে আমরা জাতীয় দলের হয়ে একটা ইতিহাস গড়তে পারব। আমরা সেই ইতিহাস গড়তেও চাই, ২০০৮ সালে জেতা ট্রফিটা আবার জিততে চাই। তা করতে পারলে কোনো জাতীয় দলের জন্য সেটা হবে একটি ঐতিহাসিক অর্জন। এই টুর্নামেন্টে যাওয়ার জন্য, খেলার জন্য, এই অর্জনটা করে দেখানোর জন্য মুখিয়ে আছি।’বিশ্বকাপের পর ইউরো—এই অর্জন একমাত্র ফ্রান্সই করে দেখিয়েছে। টানা দুই টুর্নামেন্টে আধিপত্য ধরে রাখা যে কঠিন, সেটার সাক্ষ্য দিচ্ছে ইতিহাসও। তবে জাভি জানাচ্ছেন, তাঁরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই যাচ্ছেন ইউরোতে, ‘আগের চেয়ে আমরা অনেক ইতিবাচক। আসলে স্পেন ১৯৬৪ ইউরোর পর দীর্ঘসময় পার করেছে সাফল্য ছাড়া। কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠতে পারছিলাম না আমরা। এখন (বিশ্বকাপ আর ইউরো সাফল্য পাওয়ার পর) আমাদের দল তাই অনেক বেশি নির্ভার। গত চার বছরে আমরা সবকিছুই জিতেছি। ইউরো, বিশ্বকাপ। দল তাই এবারও লড়াই করার জন্য প্রস্তুত।’সাফল্যের স্রোতে অনায়াসে সাঁতরাতে থাকলে গা ছেড়ে দেওয়ার ভয় থাকে। ভয় থাকে হুট করে তলিয়ে যাওয়ারও। জাভি তাই সতীর্থদের আত্মপ্রসাদের প্রাসাদে বিলাসী জীবনযাপনের বিরুদ্ধে সতর্কও করছেন, ‘দলের মধ্যে যে স্থিরতা আর শান্তি আছে, সেটা যেন আমাদের বিভ্রান্ত না করে। আমাদের লড়াইয়ের উদ্যম আর শিরোপার তৃষ্ণা ধরে রাখতে হবে। এরপর দেখা যাবে, আমাদের জন্য কী জমা আছে ভবিষ্যতের মুঠোয়। আমরা আবারও ফাইনালে ওঠার এবং শিরোপা জেতার চেষ্টা করব। তবে কাজটা যে সহজ হবে না, তা নিশ্চিত।’ইউরোপের সেরা ১৬টি দল খেলে এই টুর্নামেন্টে। একদিক দিয়ে বিশ্বকাপের চেয়েও কঠিন এই টুর্নামেন্টের প্রতিটি ধাপ। কাজ আসলেই সহজ নয়। স্পেনের পথে এবার কাঁটা হতে পারে কোন দল? জাভির উত্তর, ‘স্পেন কাউকে ভয় পায় না। আমরা স্রেফ মাঠে নেমে নিজেদের খেলাটা খেলি। নিজেদের দর্শন থেকে সরে আসি না, প্রতিপক্ষ নিয়ে অযথাই মাথা ঘামাই না। তার পরও যদি বলেন, হল্যান্ড অবশ্যই বড় প্রতিপক্ষ। আমাদের দেখা যদি হয়ে যায় ফাইনালে, তাহলে অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ। জার্মানিও খুব কঠিন। সম্ভবত এই দুটো দলই...অবশ্য আমি ফ্রান্স, ইতালি, এমনকি পর্তুগালকেও খাটো করে দেখতে চাই না। এরা সবাই ভালো দল।’ ওয়েবসাইট।