অর্থ ও ক্ষমতায় আড়াল অব্যবস্থাপনা
এখন কমনওয়েলথ গেমস আয়োজকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। অন্তত কমনওয়েলথ গেমস ফেডারেশন প্রেসিডেন্ট মাইকেল ফেনেলের আশ্বাস শুনে তা-ই মনে হচ্ছে। গেমস ভিলেজ ঘুরে দেখে ও বিভিন্ন দেশের দলের সঙ্গে কথা বলে ফেনেলের মনে হচ্ছে, সম্ভাব্য ৭১টি অংশগ্রহণকারী দেশের সবাই-ই শেষ পর্যন্ত দিল্লিতে আসছে। একই আশার কথা শুনিয়েছেন আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমডিও।ফেনেল বলছেন, ‘আমি খুবই খুশি, আজ নিশ্চিত হয়েছে গেমসে সব দেশই অংশ নিচ্ছে।’ কিন্তু এ কথা বলেও ফেনেল এখন পর্যন্ত আয়োজক কমিটির কর্মকাণ্ডে নিজের অসন্তোষ প্রকাশ করতে ছাড়েননি।ফেনেলের মতে, আয়োজক কমিটির কাজে ভারতের ভাবমূর্তি যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘একটা দেশ হিসেবে ভারতের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন পর্যন্ত ভিলেজের পরিচ্ছন্নতাকাজ শেষ হয়নি। বেসমেন্টে এখনো পানি জমে আছে, যেটা সরানো বেশ কঠিন। পরিবহন, নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনির্বাপণব্যবস্থা, ভবনগুলোর জরুরি নির্গমন, কারিগরি ব্যবস্থায় এখনো অনেক অনেক জটিলতা রয়ে গেছে।’সমস্যা আছে। গতকাল পর্যন্ত নানা দেশ থেকে অ্যাথলেটদের নাম প্রত্যাহারের খবর এসেছে। নিরাপত্তা ও আবাসনব্যবস্থার কারণে একের পর এক অ্যাথলেট এর আগে নাম প্রত্যাহার করছিলেন। গতকাল নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের একজন করে সাইক্লিস্ট নাম প্রত্যাহার করেছেন স্বাস্থ্যঝুঁকির কারণে, মূলত দিল্লিতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেওয়ায়।তবে এসব প্রত্যাহারের মধ্যেও ভারতের জন্য সুখবর হলো দলগুলোর অন্তত কেউ নাম প্রত্যাহার করছে না। সুরেশ কলমডি বলছেন, ‘আমাদের বিশ্বাস, আর নতুন কোনো সিরিয়াস অভিযোগ আসবে না। আমরা বিশ্বাস করি, কোনো দলই নাম প্রত্যাহার করে নেবে না। আমরা ইতিমধ্যে ২১টি দলের প্রতিনিধিদের নিবন্ধনও করে ফেলেছি।’কলমডির এ কথা বলে বগল বাজানোর কোনো কারণ নেই। কারণ দলগুলো যে আসছে না, এ কৃতিত্ব তাদের খুব একটা নয়। বরং ভারতীয় পত্রিকাগুলো বলছে, দেশটির অর্থনৈতিক ও কূটনৈতিক দাপটই দলগুলোকে আসতে বাধ্য করছে। টাইমস অব ইন্ডিয়া তো পরিষ্কার শিরোনাম করে দিয়েছে, ‘ভারতের অর্থ ও ক্ষমতা (দেশগুলোর) শক্ত অবস্থান নরম করেছে।’অযোগ্যতা ব্যাপারটাও ক্ষমতা দিয়ে ঢাকা যায় তাহলে! রয়টার্স, বিবিসি।