অর্থই সব নয় রোনালদোর কাছে
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজার এখন গরম। সেরা ক্লাবগুলো ইউরো-ডলার-পাউন্ডের থলে নিয়ে ঘুরছে খেলোয়াড়দের পিছু পিছু। খেলোয়াড়েরাও ইচ্ছামতো নিজেদের দর বাড়িয়ে নিচ্ছেন। লক্ষ্যটা তাঁদের অনেকটা এমন—এ সুযোগে যতটা কামিয়ে নেওয়া যায়।তবে কয়েকজন খেলোয়াড়ের কাছে টাকার অঙ্কটা বড় কিছু নয়। যে ক্লাবে খেলে তাঁরা মনের আনন্দ খুঁজে পান, তাঁরা সেখানেই খেলবেন। অনেক ক্লাবকেই তাঁরা জানিয়ে দিয়েছেন ব্যাপারটি।রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মনোভাবও ঠিক এমনই। বেশ কিছুদিন ধরেই টাকার থলে নয়, বরং বস্তা নিয়েই তাঁর পেছনে লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। প্রস্তাবটা ১৫০ মিলিয়ন পাউন্ডের। বছরে ২১ মিলিয়ন করে। কিন্তু রোনালদো বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব খানা। বলেছেন, ‘টাকার অঙ্কই সবকিছু নয়।’কিছুটা রসিকতা করেই তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির প্রস্তাবটা নেহাতই মন্দ নয়। ভেবে দেখা উচিত। তবে আসল কথা হলো, ‘আমি কখনোই টাকাকে বড় করে দেখি না। যদি দেখতাম, তাহলে এখন যা আয় করছি তার চেয়ে অনেক বেশি আয় করতে পারতাম।’এর পরেই তিনি জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রতি তাঁর দুর্বলতার কথা। তাঁর মতে, টাকার চেয়ে বড় ব্যাপার কর্মক্ষেত্রের পরিবেশ। সেদিক দিয়ে ভালোই আছেন তিনি।‘রিয়ালে খেলে আমি আনন্দ পাই। সবার ব্যবহার, আচার-আচরণও অসাধারণ পর্যায়ের। তাঁরা আমাকে দুর্দান্ত স্নেহ করেন। আমি মাদ্রিদে সুখেই রয়েছি।’ রিয়াল মাদ্রিদ সম্পর্কে রোনালদোর পর্যালোচনা।রিয়ালের প্রশংসা করেই থেমে যাননি রোনালদো। এই ক্লাবটিতে খেলে যে তিনি কতটা খুশি, তাও ঝরে পড়ল তাঁর পরের মন্তব্যে। তিনি বলেছেন, ‘রিয়াল আমাকে পরবর্তী ১০ বছরের জন্য পেতে চায়। কিন্তু আমি তো রিয়ালকে পেতে চাই আমার বাকি জীবনের জন্য।’ ওয়েবসাইট।