অর্থের জন্য চীনে যাননি, দাবি দ্রগবার
চেলসিতে কাটিয়েছেন দীর্ঘ আট বছর। স্ট্যামফোর্ড ছেড়ে দিদিয়ের দ্রগবার ঠিকানা এখন চীনের অখ্যাত ক্লাব সাংহাই শেনহুয়া। তবে অর্থের জন্য সেখানে যাননি তিনি। গেছেন অভিজ্ঞতা অর্জন করতে। এমনই দাবি করেছেন দ্রগবা। গোল ডটকমের খবরে এ কথা বলা হয়েছে। দ্রগবা জানিয়েছেন, ইউরোপের অনেক ক্লাবেরই তাঁকে নেওয়ার আগ্রহ ছিল। চাইলে সেখানেই থেকে যেতে পারতেন। কিন্তু অনেক ভেবেচিন্তেই চীনকে বেছে নিয়েছেন তিনি। আইভরিকোস্টের তারকা এই স্ট্রাইকার বলেন, ‘এটা স্বেচ্ছা-নির্বাসন নয়। আমার প্রতি আগ্রহ অনেকেরই ছিল। সহজেই ইউরোপে থেকে যেতে পারতাম। কিন্তু আমি চীনকে বেছে নিয়েছি। এটা আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত। এখানে অর্থ গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়। নতুন অভিজ্ঞতা নিতেই এখানে এসেছি। আমি জানি, নতুন ক্লাবকে কিছু এনে দিতে পারব।’অনেকে মনে করেন, ক্যারিয়ারের শেষ বছরগুলো এশিয়ায় কাটাতে চান দ্রগবা। এ কারণেই তিনি চীনে এসেছেন। তবে অবসরের প্রসঙ্গ উড়িয়ে দেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার, ‘অবসর নেওয়ার জন্য এখানে আসিনি।’দ্রগবা শেনহুয়ার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন গত জুনে। ৩৪ বছর বয়সী স্ট্রাইকার চুক্তির পরই হয়ে যান চীনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। গণমাধ্যমের খবর, শেনহুয়ায় তাঁর সাপ্তাহিক বেতন দুই লাখ পাউন্ড।