অর্ধেক তার করিয়াছে নারী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আরেকজন উসাইন বোল্ট বা মাইকেল ফেল্প্স নই, আমি প্রথম সিমোন বাইল্স।’
যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী জিমন্যাস্টের কথাটা নিয়ে কম তোলপাড় হয়নি। বাইল্স কিন্তু দৃঢ়ভাবেই জানিয়ে দিয়েছেন, বোল্ট আর ফেল্প্সের ছায়ায় ঢাকা পড়তে তিনি অলিম্পিকে আসেননি। এটিকে অলিম্পিকের পাঁচ হাজারেরও বেশি নারী প্রতিযোগীদের পক্ষ থেকে এই বার্তা হিসেবে ধরে নেওয়া যেতে পারে, ‘আমরা কারও চেয়ে কম নই।’
এই অলিম্পিক শেষে ‘বিজয়লক্ষ্মী’ নারীদের প্রেরণাদায়ী সব কীর্তি যেন কান পাতলেই শোনা যাচ্ছে। জিমন্যাস্টিকসে বাইল্স বা পুলে ঝড় তোলা কেটি লেডিকির কথা বলুন, ভারতের সাক্ষী মালিক বা পিভি সিন্ধু থেকে ব্রাজিলের রাফায়েলা সিলভা—ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত অনেক গল্পই লিখেছেন মেয়েরা।
রাফায়েলা সিলভার কথাই ধরুন। রিওর কুখ্যাত এক ফাভেলায় জন্ম, বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মেনেছেন। সেই রাফায়েলাই ব্রাজিলের প্রথম নারী প্রতিযোগী হিসেবে জুডোতে জিতেছেন সোনা। সমাপনী অনুষ্ঠানে আইওসির সভাপতি টমাস বাখ আলাদা করে এই জুডোকার কথা তুলে যেন মনে করিয়ে দিতে চেয়েছেন, মানুষ তাঁর স্বপ্নের সমান বড়।
সিরিয়ার ইউসরা মারদিনি গত বছরই মৃত্যুকে খুব কাছ থেকে দেখে নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে নিজে যেমন বেঁচেছেন, বেশ কয়েজনকে বাঁচিয়েছেন। সেই মারদিনিই এবার শরণার্থীদের দলের হয়ে অংশ নিয়েছেন অলিম্পিকে, পৃথিবীর লাখো শরণার্থীদের জন্য জ্বালিয়েছেন আশার দীপশিখা।
মারদিনি পদক পাননি, কিন্তু যাঁরা পেয়েছেন তাঁদেরও কি কম কাঁটাভরা পথ পাড়ি দিতে হয়েছে? বাইল্সকেই তো গায়ের রঙের জন্য কত উপেক্ষা সইতে হয়েছে। ভারতের সাক্ষী মালিক কুস্তি লড়তেন বলে নিজের গ্রামেই সইতে হয়েছে টিটকারি আর কটুকাটব্য। সাক্ষী তাতে দমে যাননি, বরং এক বখাটেকে ধরে চড় মেরেছিলেন সপাটে। অলিম্পিকে ১৩০ কোটি মানুষের ভারতকে প্রথম ব্রোঞ্জ এনে দিয়েছেন এই সাক্ষী। ‘এঁকে দিয়ে কিচ্ছু হবে না বলে’ অনেকেই বাতিল করে দিতে চেয়েছিলেন পিভি সিন্ধুকে। কিন্তু সেই সিন্ধুই ভারতকে এই অলিম্পিক থেকে একমাত্র রুপা এনে দিয়েছেন। দীপা কর্মকার একটুর জন্য পদক পাননি, কিন্তু আগরতলার বাঙালি কন্যা জিমন্যাস্টিকসে ভারতকে শুনিয়েছেন নতুন দিনের গান।
মধ্যপ্রাচ্যদের মেয়েদেরও কি কম সংগ্রাম করতে হয়েছে? মিসরের সারা আহমেদ হিজাব পরেই নেমেছিলেন অলিম্পিকে, দেশটির পক্ষে প্রথম নারী হিসেবে ভারোত্তোলনে জিতেছেন পদক। তিউনিসিয়ার ইনেস বুবাকরি প্রথম আরব মহিলা যিনি ফেন্সিংয়ে হেসেছেন সাফল্যের হাসি। যুক্তরাষ্ট্রের ইবতিহাজ মোহাম্মদ দেশটির ইতিহাসে প্রথম মুসলিম নারী প্রতিযোগী হিসেবে জিতেছেন পদক। আরব আমিরাতের নারী সাঁতারু নাদা আল বাদাওয়াইইয়ের কথাটাও অনেক কিছু বলে, ‘আমাদের লক্ষ্য লিঙ্গের এই বৈষম্যের দেয়াল ভেঙে ফেলা। একটু একটু করে আমরা সবার মানসিকতায় বদল আনছি।’
মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, সংখ্যাও সেই সাক্ষ্য দেয়। লন্ডনের চেয়ে রিওতে নারী প্রতিযোগীর সংখ্যা বেড়েছে, মোট অ্যাথলেটের ৪৫ শতাংশই নারী। প্রতিটি দেশেই অন্তত একজন করে নারী প্রতিযোগী আছেন। গত কয়েকটি অলিম্পিক থেকে মেয়েরা বক্সিং, ভারোত্তোলন, কুস্তিতে অংশ নিচ্ছে। সবকিছুই যেন জানান দিচ্ছে, এসেছে নতুন দিন। এএফপি।