অল-স্প্যানিশ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে দুই স্প্যানিশ দলের ফাইনালের সম্ভাবনা দেখছিল অনেকেই। কিন্তু দুই পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বিদায় নিল সেমিফাইনাল থেকেই। চ্যাম্পিয়নস লিগে অল-স্প্যানিশ ফাইনাল আর হলো না। তবে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা দুই স্প্যানিশ দলের ফাইনাল দেখা থেকে বঞ্চিত হচ্ছে না। ইউরোপা লিগের ফাইনালে উঠল দুই স্প্যানিশ ক্লাব। আগামী ৯ মে বুখারেস্টের ফাইনালে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।দুই সেমিফাইনালের একটি ছিল দুই স্প্যানিশ দলের লড়াই। তাই অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা ভ্যালেন্সিয়া এক দলের ফাইনালে ওঠাটা নিশ্চিতই ছিল। সংশয় ছিল অ্যাথলেটিক বিলবাওকে নিয়ে। প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল বিলবাও। কিন্তু পরশু ফিরতি লেগে সব সংশয় মুছে দিল তারা। নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে সার্বিক ৪-৩ গোলে জিতে ফাইনালে মার্সেলো বিয়েলসার দল। ১৯৭৭ সালের পর এই প্রথম তারা ইউরোপা লিগ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।অন্য সেমিফাইনালের প্রথম লেগটা ৪-২ গোলে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু দ্বিতীয় লেগটা তাই ১-০ গোলে হারলেও সমস্যা হতো না। কিন্তু হার নয়, ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে সার্বিক ৫-২ গোলের জিতেই শিরোপা লড়াইয়ের মঞ্চে দাঁড়াল অ্যাটলেটিকো।ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা এর আগে দুই স্প্যানিশ দলের শিরোপা লড়াই দেখেছিল ২০০৭ সালে। তখনকার উয়েফা কাপের ফাইনালে এসপানিওলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া। এবার কাদের মাথায় উঠবে মুকুট? অ্যাথলেটিক বিলবাওয়ের না অ্যাটলেটিকো মাদ্রিদের? সে যা-ই হোক, তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মধ্যে দুই আর্জেন্টাইনের লড়াইও যাবে দেখা। মার্সেলো বিয়েলসা বনাম ডিয়েগো সিমিওনে। অ্যাটলেটিকো আর বিলবাও দুই দলের কোচের দায়িত্ব এই দুই আর্জেন্টাইনের কাঁধে। বিলবাওয়ের দায়িত্বে বিয়েলসা। অ্যাটলেটিকোর ডিয়েগো সিমিওনে। যারা আবার গুরু-শিষ্য। ১৯৯৮-২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন ৫৬ বছর বয়সী বিয়েলসা। ২০০২ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে চার বছর বিয়েলসার অধীনে খেলেছেন ৪১ বছর বয়সী সিমিওনে।২-৪ গোলে পিছিয়ে থাকায় ভ্যালেন্সিয়ার দরকার ছিল বড় জয়। কিন্তু নিজেদের মাঠে কোনো গোলই করতে পারল না ভ্যালেন্সিয়া। উল্টো অ্যাটলেটিকো জয় নিয়ে ফেরে আদ্রিয়ান লোপেজের ৬০ মিনিটের গোলে (১-০)। সান মেমেসে বিলবাও তখন ২-১ গোলে এগিয়ে, মনে হচ্ছিল ম্যাচটা গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই বিলবাওয়ের ত্রাতা হয়ে আসেন ফার্নান্দো লরেন্তে। ৮৮ মিনিটে গোল করেন স্পেন স্ট্রাইকার, বিলবাও মাঠ ছাড়ে ৩-১ গোলের জয় নিয়ে। মার্কেল সুসায়েতার গোল ১৭ মিনিটে প্রথমে এগিয়ে দেয় বিলবাওকে। ডাচ স্ট্রাইকার ফন উলফসভিঙ্কেলের গোলে স্পোর্টিং সমতায় ফেরে ৪৪ মিনিটে। কিন্তু পর্তুগিজ দলটি সমতা ফিরিয়ে সোজা হওয়ার আগেই বিলবাওকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার এগিয়ে দেন ইবাই গোমেজ (২-১)। রয়টার্স।