অলংকৃত গ্যালারিতেও দর্শক-দুর্ভোগ
শুধু গাঁটের পয়সা খরচ করেই টিকিট মেলেনি, বিশ্বকাপের একটি টিকিটের জন্য রাত-দিন এক করে লাইনে দাঁড়াতে হয়েছে দর্শকদের। আর এত কষ্টের বিনিময়ে টিকিট কেটেও স্বস্তিতে নেই তারা। খেলার দিন গ্যালারিতে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।বিশ্বকাপ উপলক্ষে গ্যালারিতে নানা রঙের চেয়ার বসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। কিন্তু এত আয়োজনও নিশ্চিত করতে পারেনি দর্শকদের আরামে খেলা দেখা। গ্যালারিতে এখনো খাবার আর পানির সংকট। যা-ও পাওয়া যাচ্ছে, দাম চড়া। চা-কফির তো ব্যবস্থাই নেই। টয়লেটের সামনে দীর্ঘ লাইন, অনেক সময় পানিও থাকে না। দিবারাত্রির ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হতে হচ্ছে অন্ধকার মাড়িয়ে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জামান বাংলাদেশ-ভারত ম্যাচটি দেখেছেন ক্লাব হাউস গ্যালারিতে বসে। সুখকর অভিজ্ঞতা নিয়ে তিনি বেরোননি, ‘খাবারের দোকান কম থাকায় আমার বন্ধু ৪০ মিনিট অপেক্ষা করে একটি শর্মা আর এক বোতল পানি কিনতে পেরেছে। খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার পথে যথেষ্ট আলো ছিল না।’ উদ্বোধনী অনুষ্ঠানের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিস্থিতি এর চেয়ে খারাপ ছিল বলে দাবি ওই দর্শকের।সাধারণ গ্যালারিতে খেলা দেখেছেন, এমন এক দর্শক করলেন আরও গুরুতর অভিযোগ, ‘২০ টাকার পানি ৮০-১০০ টাকায় কিনেছি। ছোট্ট একটা বার্গারের দাম দেড় শ টাকা! গ্যালারিতে সিগারেট নেওয়া নিষেধ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই গোপনে দর্শকদের কাছে ৬ টাকার সিগারেট ২০ টাকায় বিক্রি করেছেন।’ সিগারেটের ‘ব্যবসায়’ কোনো পুঁজি লাগেনি। অনেক দর্শক অসতর্কতাবশত সিগারেট নিয়ে এসেছিলেন, স্টেডিয়ামে ঢোকার গেটে সেসব সিগারেট জব্দ করা হয়। পরে তা চড়া দামে বিক্রি হয়েছে গ্যালারিতে!মাঠে এসে অনেক দর্শকই চাইছেন বিশ্বকাপের সাক্ষী হওয়ার স্মৃতি ধরে রাখতে। কিন্তু স্টেডিয়ামে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে কি না—এটা নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচের দিন অনেককেই ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। কাল বিভ্রান্তিটা কাটালেন স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান, ‘ভিডিও ক্যামেরা নেওয়া যাবে না। অ্যাক্রিডিটেশন কার্ডধারী ছাড়া কেউ জুম লেন্সের স্টিল ক্যামেরাও নিতে পারবে না। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজিটাল ক্যামেরা বা স্টিল ক্যামেরা নেওয়া যাবে।’ বিশ্বকাপের পরের ম্যাচগুলোয় দর্শকদের দুর্ভোগ কমানোর আশ্বাস দিয়েছেন তিনি, ‘খাবার সংকট দূর করতে স্টেডিয়ামে আউটলেটের সংখ্যা এবং খাবারের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর পানি এখন থেকে বোতলে নয়, বিক্রি হবে গ্লাসে। প্রতি গ্লাস ৫ টাকা। পানির জন্য দর্শকদের সিট ছেড়ে ওঠার দরকার নেই। পানি সরবরাহের দায়িত্ব পাওয়া পেপসির লোকেরা নির্দিষ্ট সময় পর পর পানি নিয়ে গ্যালারিতে হাঁটবে।’