অলক কাপালির সে ঘটনা ফিরে এল

বেনোনিতে ২০০২ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডের কথা অনেকেই হয়তো ভুলে গেছেন। তবে হার্শেল গিবস নির্ঘাত ভোলেননি। দলের জয়ের জন্য ৫ রান প্রয়োজন, তাঁর সেঞ্চুরির জন্য দরকার ৩। ৬৬ বলের ইনিংসে ১৯ চার মারা এক ব্যাটসম্যানের জন্য কাজটা কঠিন কিছু নয়। কিন্তু বোলার অলক কাপালি লেগ সাইডে বেশ বাইরে দিয়ে ওয়াইড দিলেন। উইকেটরক্ষক ও অধিনায়ক খালেদ মাসুদ সেটা ধরতে না পারায় চার। ম্যাচ ওখানেই শেষ।
সেঞ্চুরি আর পাওয়া হলো না গিবসের। ক্যারিয়ারে সেঞ্চুরি সংখ্যা একটি কমার দুঃখটা আরও বেড়েছিল অন্য কারণে। সেদিন ১০০ ছুঁলেই বিশ্ব রেকর্ড হতো গিবসের। ওয়ানডেতে টানা চার ইনিংসে সেঞ্চুরির রেকর্ড তখনো যে কেউ করে দেখাতে পারেননি (২০১৫ সালে বিশ্বকাপে এটা করে দেখিয়েছেন কুমার সাঙ্গাকারা)। ম্যাচ শেষে তাই গিবস হতাশা প্রকাশ করেছিলেন। কাপালি সেটা ইচ্ছা করে করেছিলেন কি না, সেটা নিয়ে সন্দিহান হলেও এ নিয়ে কিছু বলতে চাননি প্রোটিয়া ওপেনার।
১৬ বছর পর সে স্মৃতি টেনে আনতে বাধ্য করেছেন এক ইংলিশ বোলার। গত শনিবার সমারসেট ক্রিকেট লিগে জয় থেকে ২ রান দূরে ছিল মাইনহেড ক্রিকেট ক্লাব। আর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকেও ঠিক ২ রান দূরে ছিলেন হে ড্যারেল। কিন্তু পারনেল ক্রিকেট ক্লাবের বোলার কী করলেন? ড্যারেলের দিকে বল না করে ছুড়ে মারলেন সীমানার দিকে। নো বল ও চার মিলিয়ে ৫ রান হয়ে গেল। ম্যাচ জিতে গেল মাইনহেড।

জয় নিয়ে উচ্ছ্বাস জানাতে গিয়েও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ভোলেনি মাইনহেড। ক্লাবটি টুইট করেছে, ‘খুবই বাজে একটা ঘটনা। তবে মূল ব্যাপার হলো, দুর্দান্ত এক ম্যাচ এবং দারুণ এক জয়। ব্যাটসম্যানের কাছে ক্ষমা চাওয়ায় পারনেল অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু কিছু জিনিস চাইলেও আর বদলানো সম্ভব নয়।’
দুর্ভাগা ব্যাটসম্যান ড্যারেল অবশ্য সরাসরি এমন কিছু জানাতে চাননি। বল হাতে ২২ রানে ৩ উইকেট পাওয়ার পর অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলা নিয়ে নিজের টুইটে বলেছেন, ‘অসাধারণ এক ম্যাচ হলো আজ। যেভাবে শেষ হয়েছে, সেটা লজ্জাদায়ক কিন্তু কী করা!’
পারনেল ক্রিকেট ক্লাবও বলেছে, এমন ঘটনায় তারা লজ্জিত। সেদিনই এ বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে তারা, ‘দৃষ্টিকটু ওই দৃশ্য কখনোই সমর্থনযোগ্য নয়। অধিনায়ক ও ওই খেলোয়াড় দুজনই এ ঘটনায় ক্ষমা চেয়েছে। ক্লাব এ ব্যাপারে নিজেরাই ব্যবস্থা নেবে।’ সব সংবাদমাধ্যমই ওই বোলারের নাম প্রকাশ থেকে বিরত থেকেছে। তবু এক খেলোয়াড়কে ঘিরে গুঞ্জন সৃষ্টি হওয়ায় নতুন করে টুইট করে সে খেলোয়াড়কে দায়মুক্ত করেছে পারনেল ক্লাব।