ব্যাট হাতে ৩০০ রান, বল হাতে ১৫ উইকেট—এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ সিং ছাড়া আর কে হতে পারত! বিশ্বকাপের ইতিহাসে এমন পারফরম্যান্স এই প্রথম। সেটি মূলত উইকেট পাওয়ার দিক থেকে। ১৯৯৯ বিশ্বকাপে ৩৬৭ রান ও ১২ উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের নিল জনসন। ২০০৩ বিশ্বকাপে সনাৎ জয়াসুরিয়ার নামের পাশে ছিল ৩২১ রান ও ১০ উইকেট। ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবও কম যাননি। ৩০৩ রান ও ১২ উইকেট। ওয়ানডের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অলরাউন্ড নৈপুণ্যে অনেক এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল—১৯৮০-৮১ বিশ্ব সিরিজ কাপে ৬৮৬ রান এবং ২২ উইকেট! ওই বিশ্ব সিরিজ কাপের পরের মৌসুমে ভিভ রিচার্ডস জ্বলে ওঠেন। ৫৩৬ রান ও ১১ উইকেট। বছর দুয়েক পর একই টুর্নামেন্টে আবার ভিভ রিচার্ডস। এবার ৬৫১ রান, ১৩ উইকেট। বাংলাদেশের পক্ষে অলরাউন্ড নৈপুণ্যের রেকর্ডটি অধিনায়ক সাকিব আল হাসানের—গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৩ রান ও ১১ উইকেট।